
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের প্রথম বছরে কেন্দ্রীয় সরকার কী কী কাজ করেছে, গোটা দেশে তা ব্যাপকভাবে প্রচার করা হবে। প্রচারে বিশেষভাবে তুলে ধরা হবে সামাজিক ক্ষেত্রগুলোতে সরকারি কর্মসূচিগুলো। নরেন্দ্র মোদি ত্রিদেশীয় সফর শেষে দেশে ফেরার পরদিনই গতকাল বুধবার মন্ত্রিসভার শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেন। ঠিক হয়েছে, সরকারের সাফল্যগুলো নিয়ে পুস্তিকা ছাপিয়ে সারা দেশে বিলি করা হবে।
মোদি গতকাল সকালে বৈঠক করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ও যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে। পরে দলীয় সভাপতি অমিত শাহও দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আগে ঠিক ছিল, প্রধানমন্ত্রী দিল্লিতে প্রথমবারের মতো দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন। পরে তা বাতিল করা হয়।
২৫ মে মোদি উত্তর প্রদেশের মথুরায় নাগলা চন্দ্রভান গ্রামে যাবেন। এই গ্রামেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের জন্ম। সেখানে এক জনসভায় মোদি ভাষণ দেবেন। গতকালের বৈঠকে ঠিক হয়েছে, সরকারের সাফল্য প্রচারের মূল বিষয় হবে মোদির এক বছর বনাম কংগ্রেসের দশ বছর। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন গত বছরের ২৬ মে।
সরকারের এক বছরের সাফল্য তুলে ধরার পরিকল্পনার বাইরে গতকালের বৈঠকে আগামী এক বছরের পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। অর্থনীতিকে চাঙা করা এবং নিম্ন আয়ের মানুষের অবস্থা ফিরিয়ে আনা—এই দুই হবে তাদের কর্মসূচির লক্ষ্য।
তবে বিজেপি সরকারের এসব তৎপরতার মুখে বিরোধী কংগ্রেস চুপ করে বসে থাকছে না। গতকাল থেকে ২৬ মে পর্যন্ত তারাও সারা দেশে, সব রাজ্যে প্রতিদিন নিয়ম করে সরকারের ‘প্রথম বছরের ব্যর্থতাগুলো’ তুলে ধরতে শুরু করেছে। মোদি সরকার যে বিষয়গুলো তাদের সাফল্য বলে প্রচার করবে, কংগ্রেস সেই সামাজিক ক্ষেত্রগুলোতেই সরকারের ‘চরম ব্যর্থতাকে’ তাদের প্রচারের হাতিয়ার করবে। গতকাল দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এই কথা জানিয়ে দলীয় মুখপাত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, এ জন্য দলের সব মুখপাত্র সারা দেশে ছড়িয়ে পড়েছেন। যেমন কলকাতায় সংবাদমাধ্যমে সরকারের ব্যর্থতা তুলে ধরেন শচীন পাইলট, চেন্নাইয়ে মিলিন্দ দেওরা, শ্রীনগরে শাকিল আহমেদ।
কংগ্রেস তাদের বিজেপিবিরোধী প্রচারে যে বিষয়টি বেশি তুলে ধরবে, সেটি হলো সামাজিক খাতে ইউপিএ শাসনের সময় যে অর্থ বরাদ্দ হয়েছিল, মোদি সরকারে তা অনেকখানি কমে গেছে। তা ছাড়া কংগ্রেস তুলে ধরছে মোদি সরকারের কথিত ‘কৃষিবিরোধী’ চরিত্র। বলছে, এই সরকার জোর করে কৃষকের জমি ছিনিয়ে নিচ্ছে। কংগ্রেসের নেতারা বলছেন, এই সরকার স্লোগানসর্বস্ব। আগামী এক সপ্তাহ সরকার ও বিরোধীদের মধ্যে সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে বাদানুবাদ অব্যাহত থাকবে।