'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে মুখ খুলতে মোদির মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতের সন্ত্রাসবিরোধী ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ প্রমাণ দেওয়া নিয়ে দেশের রাজনৈতিক মহলে বিতর্কে ক্ষুদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে বিভিন্ন মন্ত্রী ও দলীয় নেতার নানা বক্তব্যে বিরক্ত মোদি গতকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে যাকে তাকে এ নিয়ে মুখ না খুলতে সতর্ক করে দিয়েছেন।
নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের যাবতীয় প্রমাণ প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সতর্ক করে দেন এই বলে যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর শতাধিক সশস্ত্র জঙ্গি ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে।
উরি হামলার পর গত দুই সপ্তাহে ভারতে নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির এটি তৃতীয় বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, তিন বাহিনীর প্রধানসহ নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের অস্বীকৃতির পরিপ্রেক্ষিতে সন্দেহভঞ্জনের জন্য ভারতের বিরোধী কয়েকজন নেতা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ প্রকাশ করতে বলছেন। তবে সরকার সেই নথি প্রকাশ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। গতকালের বৈঠকে এ বিষয়ে কোনো ইঙ্গিতও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বরং সূত্রের খবর—সরকারের বিভিন্ন মন্ত্রী ও দলের বিভিন্ন নেতা পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ওই হামলা নিয়ে যেসব কথা বলে চলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে ক্ষুব্ধ। তাঁর স্পষ্ট নির্দেশ—নির্দিষ্ট মন্ত্রী-নেতা ছাড়া আর কেউ যেন এ নিয়ে মুখ না খোলেন এবং অযথা বিতর্কে না জড়ান। বৈঠকে তিনি খুব বিরক্ত হয়েই বলেন, ‘এই স্পর্শকাতর বিষয় নিয়ে কেউ যেন বুক না বাজান।’
প্রধানমন্ত্রীর বিরক্ত হওয়ার কারণ, দুদিন ধরে সেনা অভিযানের প্রমাণ দাখিল নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দাবি। সেনাবাহিনীর কৃতিত্বকে ছোট না করেও বিভিন্ন নেতা বলেন, সেনা অভিযান নিয়ে পাকিস্তানের ‘অপপ্রচার’ বন্ধ করতে সরকার অবিলম্বে প্রমাণ দিক। দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রথম এই দাবি জানান। পরে কংগ্রেসও তাঁর শরিক হয়। উভয় দলেরই অভিযোগ, সরকার সেনা অভিযানকে অনৈতিকভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির সংবাদ মাধ্যমকে বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, আগে লিখিত নথি দেওয়া হতো। এখন সময় বদলের সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজও দেওয়া হচ্ছে। সে প্রমাণ সরকারকেও দেওয়া হয়েছে।
এদিকে রাজনৈতিক স্তরে প্রমাণ প্রকাশের দাবি উঠলেও সাবেক সেনানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এর বিরুদ্ধে মত দিয়েছেন। যেমন দুই সাবেক সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী ও যোগিন্দর যশবন্ত সিং। তাঁরা বলেন, এ অভিযানের ছবি পেতে পাকিস্তানই সবচেয়ে আগ্রহী। কারণ, এর মধ্য দিয়ে দেশটি অনেক তথ্য পেয়ে যাবে। তাঁরা বলেন, সেনাবাহিনীর অভিযান নিয়ে কারও কোনো প্রশ্ন তোলার এখতিয়ারই থাকা উচিত নয়।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, কাশ্মীর সীমান্তে ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে শতাধিক জঙ্গি। তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাক সেনাবাহিনী। দোভাল বলেন, তারা সন্ত্রাসীদের আস্তানা বা ‘লঞ্চ প্যাডগুলিতে’ কড়া নজর রাখছে। উদ্দেশ্য—ভারতীয় বাহিনী আর যাতে সীমান্ত পেরিয়ে আচমকা আঘাত হানতে না পারে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দীর্ঘ পীর পাঞ্জাল গিরিপথের বিভিন্ন স্থানে ওই সশস্ত্র জঙ্গিরা জড়ো হয়েছে বলে দাবি করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা।