'সিঙ্গুর' অস্ত্র ঝেড়ে ফেললেন মমতা
২০১১ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর ক্ষমতায় আসার ক্ষেত্রে মমতার প্রধান অস্ত্র ছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম ইস্যু। সিঙ্গুরে ভারতের টাটা গোষ্ঠী পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জমি পেয়ে ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য কাজ শুরু করলে আপত্তি তোলেন মমতা। ওই সময় পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার ৯৯৭ একর জমি লিজ দিয়েছিল টাটা গোষ্ঠীকে।
২০০৬ সালে টাটার ন্যানো গাড়ির কারখানা নির্মাণ এবং জমি অধিগ্রহণের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন মমতা। বসেন ২৬ দিনের অনশন আন্দোলনে। ২০০৭ সালে গাড়ির কারখানা নির্মাণের জন্য বামফ্রন্ট সরকার জমি তুলে দেয় টাটার হাতে। ২০০৮ সালে সিঙ্গুরের কারখানার সামনে আন্দোলনে বসেন মমতা। টাটাকে দেওয়া ৯৯৭ একর জমির মধ্যে ৪০০ একর জমির মালিকেরা ওই জমি দিতে আপত্তি তোলেন। তাঁরা জমির ক্ষতিপূরণের টাকা নিতেও অস্বীকার করেন। ফলে আন্দোলন তীব্র হয়। এ সময় মমতা ঘোষণা দিয়েছিলেন, তৃণমূল ক্ষমতায় এলে অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেবে। ২০১১ সালে ক্ষমতায় এসে অবশ্য মমতা টাটাদের জমি অনিচ্ছুক কৃষকদের ফিরিয়ে দেওয়ার জন্য আইন প্রণয়ন করেন। কিন্তু সেই আইনই আইনের ফাঁদে আটকে যায়। জমি অধিগ্রহণের মামলা চলে যায় সুপ্রিম কোর্টে। ফলে সেই জমি আর মমতা ফেরত দিতে পারেননি অনিচ্ছুক কৃষকদের হাতে। মমতা ক্ষমতায় আসার পর অনিচ্ছুক কৃষকেরা প্রহর গুনেছেন কবে তাঁরা ফিরে পাবেন তাঁদের জমি। সেই অপেক্ষাও চলছে পাঁচ বছর ধরে।
এদিকে, গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভাষণের ওপর জবাবী ভাষণ দিতে গিয়ে জানিয়ে দেন, এই জমি পেতে পাঁচ বছর কেন, ৫০ বছরও লাগতে পারে! এই কথা বলে তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন, তিনি আর সিঙ্গুরের দায়দায়িত্ব নিতে চান না। এই মন্তব্যের পর সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র এর আগেই ঘোষণা দিয়েছিলেন, তাঁরা ক্ষমতায় গেলে সিঙ্গুরে ফের কারখানা গড়বেন। মুখ্যমন্ত্রীর সিঙ্গুর নিয়ে ওই মন্তব্যের পর সূর্যকান্ত মিশ্র চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, সাহস থাকলে মুখ্যমন্ত্রী এই কথা সিঙ্গুরের মাটিতে গিয়ে বলুন। এবার সিঙ্গুরের মানুষই এর জবাব দেবেন।