'স্বামী বা অন্য কারও দ্বারা হোক, ধর্ষণ তো ধর্ষণই'

স্বামী বা অন্য কেউ—যেই করুক না কেন, ধর্ষণকে একটি অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ভারতের পার্লামেন্টে বিবাহিত জীবনে ধর্ষণ সম্পর্কে এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন দেশটির জাতীয় নারী কমিশনের (এনসিডব্লিউ) সদস্য রেখা শর্মা। পার্লামেন্টে বলা হয়, বিবাহিত জীবনে স্বামীর দ্বারা ধর্ষণের বিষয়টি ভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে খাপ খায় না।
গত বৃহস্পতিবার রাজ্যসভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী বলেন, বিবাহিত জীবনে স্বামী কর্তৃক ধর্ষণের বিষয়টি ভারতীয় প্রেক্ষাপটে ঠিক খাপ খায় না।
এর প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার রেখা শর্মা তাঁর টুইটারে লিখেছেন, ‘ধর্মীয় বিশ্বাসের নামে আমরা স্বামী হাতে নির্মমভাবে নারীকে নির্যাতিত হতে দিতে পারি না। আমরা উৎসর্গের নামে পশুবলির বিরুদ্ধে আইন প্রণয়ন করেছি। ধর্ষণ ধর্ষণই, সেটা স্বামীর দ্বারা হোক বা অন্য কারও দ্বারা হোক। সবার জন্য শাস্তি হবে একই।’