'হাওয়াবাজি' বনাম 'হাওয়ালাবাজি'

সোনিয়া গান্ধী বলেছিলেন ‘হাওয়াবাজি’। নরেন্দ্র মোদি তার জবাব দিলেন ‘হাওয়ালাবাজ’ বলে। কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি রাজনৈতিক জবাব জমে উঠেছে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁর ভাষণে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছিলেন, নির্বাচনের আগে ও পরে নরেন্দ্র মোদি যত প্রতিশ্রুতি দিয়েছেন সে সবই ‘হাওয়াবাজি’। তাঁর কথায় ও কাজে কোনো মিল নেই। সব ফাঁকা বুলি।
দুদিন পর আজ বৃহস্পতিবার মোদি তারই জবাব দিলেন। ভোপালে দশম বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন উপলক্ষে তিনি বলেন, ‘যারা হাওয়ালাবাজির (বেআইনি ভাবে অর্থ লেনদেন) সঙ্গে যুক্ত তারাই আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।’
হাওয়াবাজির উত্তরে হাওয়ালাবাজি বলার তাৎক্ষণিক কারণ হলো সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিল পাসে কংগ্রেসের বাধা দেওয়া। সংসদের বর্ষাকালীন অধিবেশনে অনেক চেষ্টা করেও এই বিল সরকার পাস করাতে পারেনি। অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরেও সংসদ জিইয়ে রাখা হয়েছিল যাতে সংক্ষিপ্তকালের জন্য ফের অধিবেশন ডেকে বিলটি পাস করানো যায়। কিন্তু কংগ্রেসি বিরোধিতায় তা সম্ভব নয় বুঝে গত বুধবার এই অধিবেশন শেষ ঘোষণা করা হয়। কংগ্রেসের দাবি মেনে শীতকালীন অধিবেশনে বিলটি পাস হলেও আগামী অর্থ বর্ষ থেকে তা কার্যকর করা খুবই কঠিন। অথচ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এই বিল আবশ্যক।
এই ‘অসহযোগিতার’ প্রসঙ্গেই নাম না করে সোনিয়া ও কংগ্রেসকে আক্রমণ। মোদি বলেন, অধিবেশন ডেকে বকেয়া বিল পাসের জন্য আমরা সব দলের সঙ্গে কথা বলি। সবাই রাজি ছিল, শুধু একটি দল ছাড়া। বিজেপিকে এক সময় রাজীব গান্ধী দুই-তিন সাংসদের দল বলতেন। আজ সেই দলই দেশ শাসন করছে। অন্য দিকে কংগ্রেস ৪০০ থেকে ৪৪এ নেমে এসেছে।
মোদি বলেন, রাজনীতিতে হার জিত আছেই। কিন্তু গণতন্ত্রে রাজনৈতিক দল দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আমরা ভেবেছিলাম বিরোধীরা গণতন্ত্রের এই ধর্ম অনুযায়ী শিক্ষা নেবে। কিন্তু তা হলো না। আজ যারা সংসদকে বাধা দিচ্ছে মানুষ যে তাদের ত্যাগ করেছে সেটা তারা বুঝতে চাইছে না।