ভারতের বেশ কয়েকটি সরকারি সংস্থা এবং কয়েকটি রাজ্যের পুলিশ বাহিনী ইতালির একটি বিতর্কিত হ্যাকিং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিল অথবা একসঙ্গে কাজ করার জন্য যোগাযোগ করেছিল। উইকিলিকসের ফাঁস করা ই-মেইলে এ তথ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হ্যাকিং টিম নামের ওই ইতালীয় প্রতিষ্ঠানটি নজরদারিমূলক বিভিন্ন সফটওয়্যার তৈরি এবং বিক্রি বা সরবরাহ করে থাকে। উইকিলিকসের ফাঁস করা ই-মেইলের তথ্য অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো হ্যাকিং টিমের সক্রিয় গ্রাহক ছিল।
ফাঁস হওয়া ই-মেইলগুলো হ্যাকিং টিম, তাদের ইসরায়েলি অংশীদার এনআইসিই এবং ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে বিনিময় হয়েছে। ২০১০ সালের ডিসেম্বরে ইতালিতে ভারতীয় দূতাবাসের বাণিজ্য শাখার তৎকালীন কর্মকর্তা ভি কে ধিংরা হ্যাকিং টিমের বিক্রয় ব্যবস্থাপককে একটি ই-মেইলে লেখেন, তাঁকে নয়াদিল্লিতে একটি নজরদারিমূলক সফটওয়্যারের প্রদর্শনী করতে হবে। পাকিস্তানি গোয়েন্দা বিভাগও হ্যাকিং টিমের সাহায্য নিচ্ছে বলে কয়েকটি ই-মেইলে তথ্য রয়েছে।