'২০১৯-বিজেপি ফিনিশ'

বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘উনিশেই দেশ থেকে বিদায় হবে বিজেপি। ২০১৯-বিজেপি ফিনিশ।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিজেপিকে দেশ থেকে তাড়ানোর জন্য জোট বাঁধার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনারা তৈরি হোন, প্রস্তুত হোন। বিজেপি যত তাড়াতাড়ি দেশ থেকে যাবে, তত মঙ্গল হবে দেশের। ওদের দম্ভ, ঔদ্ধত্য, অহংকার হবে ফিনিশ।’
বিজেপিকে তাড়াতে তিনি একটি রূপরেখাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব আঞ্চলিক দলকে এক হতে হবে, চালাতে হবে যৌথ আন্দোলন। আমাদের সবাইকে বিজেপির বিরুদ্ধে এক হতে হবে। তাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাটেও এখন বিজেপিবিরোধী হাওয়া বইতে শুরু করেছে। বিজেপিবিরোধী হাওয়া বইছে ওডিশা ও অন্ধ্র প্রদেশেও। তাই আমাদের আজ বিজেপির বিরুদ্ধে এক হয়ে আঞ্চলিক দলগুলো নিয়ে বৃহত্তর বিজেপিবিরোধী প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। দেশে রুখতে হবে বিজেপিকে।’