ফ্লাইদুবাইয়ে হামলায় অভিযুক্ত সহ–পাইলটের অস্ট্রেলিয়ায় পড়াশোনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

অবতরণের পর টারমাকে থাকা ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ। বেন গুরিয়ন বিমানবন্দর, লোদ, ইসরায়েল। ৩০ সেপ্টেম্বর ২০২৬ছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ফ্লাইদুবাই’ এয়ারলাইনসের ইসরায়েলগামী উড়োজাহাজ মাঝআকাশে ছিনতাইচেষ্টার অভিযোগে আটক সহ–পাইলটের সঙ্গে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন বলে জানা গেছে।

অভিযুক্ত সহ-পাইলট হাম্মাম আল-হাম্মামি (২৯) বলে শনাক্ত করা হয়েছে। তিনি ওমানের নাগরিক। প্রত্যক্ষদর্শী ও তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ফ্লাইদুবাইয়ের ‘এফজেড ১০৭৩’ ফ্লাইটের ককপিটে থাকা জরুরি কুড়াল দিয়ে প্রধান পাইলটের ওপর আকস্মিক হামলা চালান হাম্মাম। এতে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে থাকা ১৭৪ জন যাত্রী ও ক্রুর জীবন চরম ঝুঁকির মুখে পড়ে।

একপর্যায়ে যাত্রীরা হাম্মামকে নিবৃত্ত করেন। পরে উড়োজাহাজে যাত্রী হিসেবে থাকা অপর দুজন পাইলটের সহায়তায় উড়োজাহাজটি নিরাপদে সৌদি আরবের তাবুকের বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি) জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা এবং ভিক্টোরিয়া পুলিশের যৌথ সন্ত্রাসবিরোধী দল হাম্মামের অস্ট্রেলিয়া সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা পেয়েছিলেন হাম্মাম। পরে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মেলবোর্নে অবস্থান করেন। ২০১৯ সালে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া তথ্যানুযায়ী, তিনি আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করেছেন। তবে চলমান তদন্তের কারণে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বেন ক্যারল। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।