একনজর: সারা দিনে বিশ্বে যা ঘটল

আজ ২২ অক্টোবর, রোববার। সকালেই পাওয়া গেছে ইসরায়েলের নতুন হামলার খবর। সম্প্রতি পশ্চিম তীরে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া রাতভর ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৫৫ জন। পাশাপাশি হামলা জোরদারের কথাও বলেছে ইসরায়েল। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের পাশাপাশি ইউক্রেনের খারকিভ শহরেও আবার নতুন হামলা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এ পর্যন্ত বিশ্বের আলোচিত পাঁচ খবর।

১
কয়েক দিন আগে জিম্মি ইসরায়েলি এক নারী ও তাঁর দুই শিশুকে সীমান্তের কাছে রেখে আসেন হামাস যোদ্ধারা
ছবি: ভিডিও থেকে নেওয়া

আল–জাজিরার খবর বলছে, হামাস মানবিক দিক বিবেচনা করে তাদের কাছে জিম্মি দুই ইসরায়েলিকে মুক্তি দিতে চেয়েছিল। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের নিতে রাজি হয়নি। তবে হামাসের এই দাবিকে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, এটি হামাসের ‘জঘন্য প্রচারণা’। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গতকাল শনিবার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা জানান, ওই দুই নাগরিক হলেন নোরিত ইতশাক ও ইয়োখেফেদ লিফশিৎজ। গত শুক্রবার জিম্মি দুই মার্কিন নাগরিক জুডিথ রানান (৫৯) এবং তাঁর মেয়ে নাতালি রানানকে (১৮) মুক্তি দেয় হামাস। তাঁদের মুক্তির বিষয়ে মধ্যস্থতা করেছিল কাতার।

২
হামলার পর ক্ষতিগ্রস্ত মসজিদ প্রাঙ্গণ। জেনিন আশ্রয়শিবির, পশ্চিম তীর, ২২ অক্টোবর
ছবি: রয়টার্স

জিম্মি নিয়ে এই আলোচনার মধ্যেই রয়টার্সের খবরে জানা যায়, আজ রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি আশ্রয়শিবিরের আল-আনসার মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী হামলার কারণ হিসেবে জানায়, ওই মসজিদের নিচের বাংকার ব্যবহার করে ‘জঙ্গিরা’ সংগঠিত হামলা চালাত। ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। গত কয়েক দিনের মধ্যে পশ্চিম তীরে চালানো ইসরায়েলি বাহিনীর অন্তত দ্বিতীয় হামলা এটি।

৩
গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল
ছবি: এএফপি

এএফপির খবরে জানা যাচ্ছে, এ রকম হামলা আরও চালাবে ইসরায়েল। গতকাল শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা জোরদার করার ঘোষণা দেয়। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, রাতভর ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন।

৪
গাজা সীমান্তে সাঁজোয়া যানসহ কয়েক লাখ সেনা পাঠিয়েছে ইসরায়েল
ছবি: রয়টার্স

তবে এখনই স্থল অভিযানে যাবে না ইসরায়েল। আল–জাজিরার এক বিশ্লেষণে এর পেছনে দুটি কারণের উল্লেখ করা হয়েছে। প্রথমত, স্থল অভিযান দেরিতে শুরু করার জন্য ইসরায়েলকে চাপে রেখেছে পশ্চিমারা। আলোচনার মাধ্যমে পশ্চিমারা আরও জিম্মিকে মুক্ত করে আনতে চায়। আর দ্বিতীয় কারণটি হলো, অভ্যন্তরীণ চাপ। গাজায় জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো দেশটির সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে কয়েকটি পরিবারের সদস্যরা বিক্ষোভও করেছেন। তাঁরা গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের মুক্তি না হওয়া পর্যন্ত স্থল অভিযান শুরুর বিপক্ষে।

৫
শনিবার রাতে খারকিভে নোভা পোশতা কোম্পানির একটি কার্যালয়ে হামলা হয়
ছবি: রয়টার্স

ফিলিস্তিন ও ইসরায়েলের এই উত্তপ্ত অবস্থার মধ্যেই নতুন হামলা হয়ে গেছে ইউক্রেনের খারকিভ শহরে বেসরকারি ডাক কোম্পানি নোভা পোশতার বিতরণকেন্দ্রে। বিবিসির খবর বলছে, গতকাল শনিবার রাতে সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।