তাইওয়ানের চারপাশে নতুন একধরনের হামলা–উপযোগী ড্রোন উড়িয়েছে চীন। গতকাল শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব কথা জানায়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ভারী অস্ত্র বহন করতে সক্ষম এই ড্রোন। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার সব৴শেষ ঘটনা এটি।
গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। তিন বছর ধরে দ্বীপরাষ্ট্রটির ওপর সামরিক চাপ বাড়িয়েছে দেশটি। বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি মেনে নিতে তাইপেকে বাধ্য করাই এর উদ্দেশ্য।
চলতি মাসে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীন। সব৴শেষ ২৪ ঘণ্টায় চীনের সামরিক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত হালনাগাদ তথ্যে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দ্বীপরাষ্ট্রটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ১৯টি সামরিক উড়োজাহাজ প্রবেশ করেছে। এসব উড়োজাহাজের একটি ছিল টিবি-০০১ ড্রোন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা একটি মানচিত্র অনুযায়ী, ড্রোনটি তাইওয়ানের চারপাশে চক্কর দিয়েছিল। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম টিবি-০০১ ড্রোনকে ‘টুইন-টেইলড স্করপিয়ন’ হিসেবে উল্লেখ করেছে। ডানার নিচে ক্ষেপণাস্ত্রসহ ড্রোনটির ছবি প্রকাশ করে বলেছে, এটি অনেক উঁচুতে উড়তে এবং দূরপাল্লার মিশন পরিচালনায় সক্ষম। চীনের বিমানবাহিনীর ভাষায় ‘দ্বীপটিকে ঘিরে ফেলার’ অংশ হিসেবে তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এইচ-৬ বোম্বার যুদ্ধবিমানও উড়িয়েছে।
বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি অস্বীকার করে আসছে তাইপে সরকার। তারা বলছে, দ্বীপরাষ্ট্রটির জনগণই নিজেদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।