পাসওয়ার্ড অনুমান করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকেছিল গুগলের জেমিনাই
সাইবার নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই তিনটি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়েছিল। গতকাল শুক্রবার গুগলের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানানো হয়।
এর মধ্য দিয়ে এআই ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের নতুন ঘটনা প্রকাশ্যে এল। এসব ঘটনা এআইয়ের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সবার আগে এ ঘটনার খবর প্রকাশ করে। পত্রিকাটি জানায়, গত মে মাসে এসব ঘটনা ঘটেছে। জুলাইয়ে এসে গুগল ঘটনাগুলো সম্পর্কে জানতে পারে।
গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস এএফপিকে বলেন, ‘একটি নিয়মিত পরীক্ষার সময় মডেলটি অনলাইনে থাকা বিভিন্ন তথ্য খুঁজে পায়। এরপর পরীক্ষা-নিরীক্ষার অংশ বলে মনে হওয়া ওয়েবসাইটে ঢুকতে প্রয়োজনীয় লগইন তথ্য অনুমান করে।’
অ্যাডকিনস আরও বলেন, ‘তিনটি ঘটনাতে মডেলটি একপর্যায়ে থেমে যায়।’ তবে জেমিনাই কোন কোন প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকেছিল, তা তিনি জানাননি।
গুগলের এ কর্মকর্তা বলেন, ‘আমরা ওই তিন প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়েছি। পাশাপাশি আমাদের প্রশিক্ষণ অংশীদারের সঙ্গে কাজ করেছি। তারা এখন পরীক্ষা-নিরীক্ষার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনেছে।’
এর আগে গত জুলাইয়ে ওপেনএআইয়ের দুটি মডেল নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে যায়। এরপর নিজেরাই ইন্টারনেটে প্রবেশ করে এবং এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকে পড়ে।
অ্যানথ্রপিক ও চীনের মুনশট এআইয়ের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা জানাজানি হওয়ার পর এআই প্রতিষ্ঠানগুলো নিজেদের তৈরি মডেলগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে কি না, সেটা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে অ্যাডকিনস বলেন, এসব ঘটনা শক্তিশালী এআই মডেলগুলোকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব তুলে ধরছে।