অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর হানা, ঝুঁকিতে বন্য প্রাণী ও সামুদ্রিক পাখি

সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়ায় বোডিন রক্স উপকূলে অর্ধশতাধিক সামুদ্রিক পাখির মৃত্যু এবং বহু পাখির গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে চিকিৎসকেরা বড় ধরনের ‘গণমৃত্যু’ হিসেবে বর্ণনা করেছেনছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় প্রাণঘাতী বার্ড ফ্লুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি সাউথ অস্ট্রেলিয়ার বোডিন রক্স উপকূলে অর্ধশতাধিক সামুদ্রিক পাখির মৃত্যু এবং বহু পাখির গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে চিকিৎসকেরা বড় ধরনের ‘গণমৃত্যু’ হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে গাঙচিলের দেহে প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের ওপর বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলীয় সরকারের সাম্প্রতিক এক মূল্যায়নে বলা হয়েছে, চলমান বার্ড ফ্লুর প্রভাবে দেশটির অন্তত পাঁচটি বন্য প্রাণী ও সামুদ্রিক পাখির প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। এ ছাড়া আশঙ্কাজনকভাবে হ্রাস পেতে পারে আরও শতাধিক প্রজাতির সংখ্যা। পরিবেশবাদী সংগঠন ইনভেসিভ স্পিসিজ কাউন্সিলের প্রধান জ্যাক গফ সরকারের এই পর্যবেক্ষণকে একটি ‘ধ্বংসের তালিকা’ বলে বর্ণনা করেছেন। বন্য প্রাণী রক্ষায় তিনি ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলারের জরুরি তহবিল গঠনের দাবি জানিয়েছেন।

ঝুঁকিতে থাকা প্রাণীদের তালিকায় সংকটাপন্ন পাখির পাশাপাশি তাসমানিয়ান ডেভিল, ইস্টার্ন কোয়েল, ডলফিন ও সিলের মতো স্তন্যপায়ী প্রাণীকেও রাখা হয়েছে। এ প্রসঙ্গে সিডনি বিশ্ববিদ্যালয়ের মহামারি–বিশেষজ্ঞ অধ্যাপক রায়না ম্যাকইন্টাইয়ার জানান, ২০২০ সাল থেকে জিনগতভাবে বদলে যাওয়া এই বার্ড ফ্লু ভাইরাসটি বিশ্বজুড়ে বন্য প্রাণী ও সামগ্রিক জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করে চলেছে।

অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী মারে ওয়াট সতর্ক করে বলেছেন, বসন্তের প্রজনন মৌসুমে এই সংক্রমণ দেশের মূল ভূখণ্ডে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। বন্য পাখিদের সরাসরি টিকা দেওয়া অত্যন্ত কঠিন হওয়ায় খাঁচায় বন্দী ও অতি বিপন্ন প্রজাতির সুরক্ষায় সরকার ৪৭ মিলিয়ন ডলারের একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় ইতিমধ্যে প্রতিষেধকের ট্রায়াল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির সরকার পোলট্রিশিল্পে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।