যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের শপথ, বিনা মূল্যে ওয়েবের যাত্রা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩০ এপ্রিল। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ১৭৮৯ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন
ছবি: হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তাঁকে আধুনিক যুক্তরাষ্ট্রের জনক বলা হয়। ১৭৮৯ সালের এ দিনে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ব্রিটিশদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে ১৭৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন। ১৭৯৯ সালের ৪ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। ১৭৩২ সালে ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ওয়াশিংটন।

বিনা মূল্যে ওয়েবের যাত্রা শুরু

ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের (ডব্লিউডব্লিউডব্লিউ) উদ্ভাবক ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি। ১৯৯৩ সালের এ দিনে প্রথমবারের মতো সফটওয়্যারটি একদম বিনা খরচে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় এই ওয়েব।

সিংহাসন ছাড়েন রানি বিয়েট্রিক্স

নেদারল্যান্ডসের সাবেক রানি বিয়েট্রিক্স। ২০১৩ সালের এই দিনে তিনি সিংহাসন ছেড়ে দেন। মায়ের ছেড়ে দেওয়া সিংহাসনে বসেন নেদারল্যান্ডসের বর্তমান রাজা উইলিয়াম আলেকজান্ডার। তিনি দেশটির রাষ্ট্রপ্রধানও। গণতান্ত্রিক নেদারল্যান্ডসে রাজার ক্ষমতা সীমিত হলেও বেশ আভিজাত্যপূর্ণ।

নেদারল্যান্ডসের সাবেক রানি বিয়েট্রিক্স
ছবি: রয়টার্স

টাওয়ার অব বানস উৎসবের প্রত্যাবর্তন

হংকংয়ের জনপ্রিয় একটি উৎসব টাওয়ার অব বানস। এই উৎসবে বিশাল একটি টাওয়ারে ওঠার চেষ্টা করেন প্রতিযোগীরা। তাঁরা মনে করেন, এর ফলে তাঁদের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে। টানা ২৬ বছর ধরে এই উৎসব আয়োজন বন্ধ ছিল। ২০০৫ সালের এ দিনে আবারও বিচিত্র এই উৎসবের আয়োজন করা হয়।