ধূমপান বন্ধে মেক্সিকোতে কড়া আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোতে ধূমপান নিয়ে অন্যতম কঠোর আইন জারি করা হয়েছে
ছবি: রয়টার্স

তামাকবিরোধী বিশেষ কঠোর আইন কার্যকর করেছে মেক্সিকো। দেশটিতে জনসমাগমস্থলে ধূমপানের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসির।

গত বছর এই পদক্ষেপ প্রথম অনুমোদন পায়। তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে মেক্সিকো সরকার।

লাতিন আমেরিকার বেশ কয়টি দেশ জনসমাগমস্থল ধূমপানমুক্ত রাখতে আইন পাস করেছে। তবে মেক্সিকোর আইনটি আমেরিকা মহাদেশে সবচেয়ে জোরালো বলে মনে করা হচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলোর মধ্যে একটি।

আরও পড়ুন

মেক্সিকোতে ২০০৮ সালের প্রচলিত আইন অনুসারে বার, রেস্তোরাঁ ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত এলাকা। এর সঙ্গে যোগ হয়েছে পার্ক, সৈকত ও হোটেল।

তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও পুরো নিষেধাজ্ঞা থাকবে। এমনকি দোকানের ভেতরেও সিগারেট রাখা যাবে না।
নতুন এই বিধিনিষেধ ভেপস ও ই-সিগারেটের ওপরও আরোপ করা হবে। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা থাকবে।

আমেরিকা মহাদেশের জনগণের স্বাস্থ্য ও জীবনমান নিয়ে কাজ করে আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থা দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। সংস্থাটি এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মেক্সিকো সরকারকে অভিনন্দন জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তামাকের ব্যবহার বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ। প্রতিবছর আমেরিকা মহাদেশে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী ধূমপান। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের কারণে এসব মৃত্যু হয়ে থাকে।

তবে কিছু ধূমপায়ী আইনের এ ধরনের কড়াকড়িতে হতাশা প্রকাশ করেছেন। এ আইনের আওতায় নিজের বাড়িতে ও অন্যান্য ব্যক্তিগত আবাসস্থলে ধূমপানের অনুমতি দেওয়া হবে। অনেকে এমন আইনের কার্যকর প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

মেক্সিকোতে দুর্নীতিতে পুলিশের জড়িত থাকার ঘটনা ঘটে। অনেকের আশঙ্কা, জনসমক্ষে ধূমপানের কারণে জরিমানা ও শাস্তির বদলে অনেক পুলিশ সদস্য এ সুযোগে ঘুষ নিতে পারেন।