বিশ্বের প্রথম প্রমোদতরির যাত্রা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন মেহেদী হাসান।

বিশ্বের প্রথম প্রমোদতরি প্রিনজাসিন ভিক্টোরিয়া লুইজছবি: উইকমিডিয়া কমনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসভ্যতার উৎকর্ষের পেছনে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত ও পণ্য পরিবহনে প্রাচীনকাল থেকেই সমুদ্রপথ ব্যবহার করা হচ্ছে। একবিংশ শতাব্দীতে এসেও যোগাযোগের ক্ষেত্রে এই পথের আবেদন একটুও কমেনি। বাণিজ্য কিংবা পর্যটনের ক্ষেত্রে সমুদ্রপথ অনন্য। পর্যটনের জন্য ১৯০০ সালের এই দিনে যাত্রা শুরু করে বিশ্বের প্রথম প্রমোদতরি। সমুদ্র পর্যটনের এই উদ্যোগ নেয় জার্মানি। প্রমোদতরির নাম দেওয়া হয় ‘প্রিনজাসিন ভিক্টোরিয়া লুইজ’।

বিশ্বের প্রথম প্রমোদতরিতে ১২০টি বিলাসবহুল কেবিন ছিল। ছিল ব্যায়ামাগার। দীর্ঘ যাত্রাপথে কারও যেন একঘেয়েমি না আসে, সে জন্য একটি সমৃদ্ধ পাঠাগারও ছিল প্রমোদতরিতে।

পিগমি ম্যামথের কঙ্কাল


যুক্তরাষ্ট্রের সান্তা রোজা দ্বীপে ১৯৯৪ সালের এই দিনে পিগমি ম্যামথের (হাতির মতো দেখতে, তবে হাতির চেয়ে আকারে ছোট) প্রায় সম্পূর্ণ কঙ্কাল পাওয়া যায়। এটি নিয়ে দীর্ঘদিন গবেষণা করা হয়। পরে জীবাশ্মবিদেরা জানান, ম্যামথটি ১৩ হাজার বছরের পুরোনো।

মহাকাশে আটলান্টিস

মার্কিন নভোযান শাটল আটলান্টিস ১৯৯৫ সালের এই দিনে প্রথমবারের মতো রুশ মহাকাশ স্টেশন মিরে যায়। মির ছিল প্রথম মডিউলার মহাকাশ স্টেশন। এ স্টেশন মহাকাশে রাশিয়ার গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক। ১৯৮৬ সালে উৎক্ষেপণ করা মির ২০০১ সালে পৃথিবীতে আছড়ে পড়ে। বর্তমানে মহাকাশে কার্যক্রম চালাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)।

যুক্তরাষ্ট্রের মহাকাশ শাটল আটলান্টিস
ছবি: নাসা

যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে আইএসএস পরিচালিত হয়ে আসছে। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হয়।

প্রথম আইফোন

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের তৈরি প্রথম প্রজন্মের আইফোন বাজারে আসে ২০০৭ সালের ২৯ জুন। আইফোন বাজারে আসার পর ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।

অ্যাপলের প্রথম প্রজন্মের আইফোনের দাম ছিল ৫৯৯ ডলার। সাড়ে তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটিতে ২ মেগাপিক্সেল ক্যামেরা, মডেলভেদে ৪ বা ৮ গিগাবাইট (জিবি) তথ্য রাখার সুবিধা, ইন্টারনেট ও আইটিউনস ব্যবহারের সুবিধা ছিল। তবে এতে কোনো অ্যাপ স্টোর ছিল না। টু–জি নেটওয়ার্ক সমর্থন করত এটি।

আরও পড়ুন
আরও পড়ুন