ইরানে বিক্ষোভকারীদের আশার নাম মাসা আমিনি

ইরানে পুলিশি হেফাজতে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। হিজাব আইন ভাঙার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে।

ইরানে পুলিশি হেফাজতে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকাহত স্বজনদের নিপীড়ন। অপরাধীদের দায়মুক্তি। বিরোধীদের একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর। ইরানের প্রতিবাদ আন্দোলনের দুই বছরের পর এমনই এক অন্ধকার চিত্র দেখা যাচ্ছে বর্তমানে। অথচ দুই বছর আগে শুরু হওয়া এ আন্দোলন ঘিরে ছিল অনেকে আশা। এ আন্দোলন দেশটির চার দশকের অন্ধকার দূর হয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছিল। তবে এখনো আশা ছাড়েননি অনেকেই। তাঁদের আশার নাম হয়ে আছেন মাসা আমিনি নামের এক তরুণী। 

ইরানে পুলিশি হেফাজতে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হয়। হিজাব আইন ভাঙার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। ওই ঘটনার দ্বিতীয় বর্ষ আজ। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে অংশগ্রহণকারী এবং ইরান থেকে নির্বাসিতরা এখনো আশা করেন, মাসা আমিনির মৃত্যুতে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, তা ইরানের ওপর গভীর চিহ্ন রেখে গেছে। মাত্র ২২ বছর বয়সে মাসার মৃত্যু বৃথা যায়নি। 

মাসা আমিনির মৃত্যুর পর সৃষ্ট বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন দেশটির নারীরা। তাঁদের সেই বিক্ষোভ শুধু কঠোর হিজাবনীতিতেই আটকে থাকেনি, বরং তা দেশটির শাসনব্যবস্থার স্তম্ভ নাড়িয়ে দিয়েছিল। ওই বিক্ষোভ ইরানের ক্ষমতাধর নেতাদের বিচলিত করে তুলেছিল। কিন্তু সেই বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ওই বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অ্যাসল্ট রাইফেল এবং শটগান ব্যবহার করেছিল।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানের ওই বিক্ষোভে ৫৫১ জন নিহত হন। গ্রেপ্তার হন হাজারো বিক্ষোভকারী। ওই বিক্ষোভ–সম্পর্কিত ঘটনার মামলায় ১০ জনকে ফাঁসি দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। 

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত অ্যামনেস্টির ডেপুটি আঞ্চলিক পরিচালক ডায়ানা এলতাহাওয়ি বলেছেন, ইরানের অগণিত মানুষ এখনো কর্তৃপক্ষের নৃশংস দমন-পীড়নের পরিণতি ভোগ করছে।

অ্যামনেস্টি বলছে, বিক্ষোভের পর কর্তৃপক্ষ প্রতিশোধ হিসেবে হিজাব বাধ্যতামূলক করছে। অথচ এটি বিক্ষোভকারীদের মূল দাবিগুলোর একটি ছিল। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আরও শিথিল নীতির কথা বলেছিল। তারা এখন নীতি বাস্তবায়নে নুর নামের একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আরও বেশি টহল দৃশ্যমান হয়েছে। 

অধিকার সংস্থাগুলো বলছে, ইরানের নারীরা দীর্ঘদিন ধরে তাঁদের যানবাহনকে নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করে আসছেন। কিন্তু তাঁদের গাড়িও এখন কর্তৃপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁদের গাড়ি বাজেয়াপ্তেও করা হতে পারে। 

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ইরান নারীদের ওপর নিপীড়ন বাড়িয়েছে। তাঁদের ওপর মারধর, লাথি ও চড়ের মতো ঘটনা ঘটছে। 

ইরানের বাইরের পর্যবেক্ষকেরা বলছেন, বিক্ষোভ দমনের পর ইরানের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এসেছে, তবে দেশটির সমাজব্যবস্থা বদলে গেছে।