ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে বর-কনে কেউ বেঁচে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হতাহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হচ্ছে
ছবি: রয়টার্স

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বিয়ের বর-কনে দুজনই মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত দেড় শ।

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানান, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের উপপ্রধান আহমেদ দুবারদানি জানান, এ অগ্নিকাণ্ডে নবদম্পতি প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন

ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত দেড় শ মানুষ।

রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।

সংবাদ সম্মেলনে আহমেদ দুবারদানি আরও বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনের অবস্থা সংকটাপন্ন। তাই এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন।