ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের রাজধানী তেহরানের সুপ্রিম কোর্ট ভবনে দুই বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। বিচার বিভাগের ওয়েবসাইট মিজানের প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের তিন বিচারককে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। দুজন বিচারককে গুলি করে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, এ হামলায় একজন আহত হয়েছেন।
মিজানের তথ্য অনুযায়ী, নিহত দুই বিচারক হলেন আলি রাজিনি ও মোহাম্মদ মোগিশে। তাঁরা দুজন জাতীয় নিরাপত্তা, নজরদারি, ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত মামলাগুলোর বিচারে যুক্ত ছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার উদ্দেশ্য এখনো জানা যায়নি।