আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট তাঁকে সরিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে হচ্ছেন— এমন সম্ভাবনা নিয়ে তীব্র দুশ্চিন্তায় ভুগছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির হেফেৎজ এমনটাই মনে করছেন। দেশটির ১০৩এফএম রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
হেফেৎজ বলেন, ‘নেতানিয়াহুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আতঙ্কই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। চোখ বন্ধ করলেই আমি সেই আতঙ্কের পরিবেশ অনুভব করতে পারি।’
নির হেফেৎজ ২০০৯ থেকে ২০১০ সালে নেতানিয়াহু সরকারের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি সরাসরি নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত উপদেষ্টা ও পিআর (জনসংযোগ) কৌশলী হিসেবে কাজ করেন। ২০১৮ সালের শুরুতে দুর্নীতি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত তিনি নেতানিয়াহু পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন।
সাক্ষাৎকারে হেফেৎজ নেতানিয়াহুর কার্যালয়ের ভেতরের আতঙ্কজনক পরিবেশ নিয়েও কথা বলেছেন। নিজের অভিজ্ঞতা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা ও ছেলে ইয়ার ঘন ঘন জরুরি ফোন করতেন। এটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।
হেফেৎজ বলেন, ইয়ার ও সারা প্রতি পাঁচ সেকেন্ড পরপর একই কথা বলে জরুরি ফোন করতেন। তিনি বলেন, আপনি যদি গোপনে খেয়াল করেন, তবে নিজের চোখেই এই আতঙ্ক দেখতে পাবেন। নিজের অবস্থান যখন ঝুঁকিতে থাকে, তখন তাঁর (নেতানিয়াহু) ক্ষেত্রে এমন আচরণ অস্বাভাবিক কিছু নয়। নিজের স্বার্থের প্রশ্ন এলে তিনি এভাবেই কাজ করেন।
নেতানিয়াহুর ক্ষমতা হারানোর আশঙ্কা নিয়ে আলোচনা করতে গিয়ে হেফেৎজ একটি কথা বলেন। তিনি বলেন, বিরোধী দলে যাওয়ার এই পরিবর্তন প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) ও তাঁর পরিবারের জন্য খুবই কঠিন হবে।
হেফেৎজ বলেন, সহজভাবে বলতে গেলে, বাড়িতে তাঁর জীবন একদমই সহজ হবে না। এটাও ভোলা যাবে না যে তিনি এমন একজন মানুষ, যিনি বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া সম্মান খুব উপভোগ করেন।
ইসরায়েলের সরকারি বিমানের (উইং অব জিয়ন) কথা উল্লেখ করে হেফেৎজ প্রশ্ন করেন, তিনি কি বিরোধী দলের আসনে বসবেন? তিনি কি হঠাৎ দেখবেন যে আইজেনকট গাড়িবহর নিয়ে ঘুরছেন, হেলিকপ্টারে করে সব জায়গায় যাচ্ছেন এবং উইং অব জিয়নে উড়ছেন?
হেফেৎজ দাবি করেন, নেতানিয়াহু, সারা ও ইয়ার—এই ত্রিমূর্তি রীতিমতো ক্ষোভে ফেটে পড়বেন। তাঁদের কাছে, এটি গাজায় মানুষের জিম্মি হওয়ার চেয়েও খারাপ কিছু মনে হবে।
প্রধানমন্ত্রিত্ব হারালে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচারে প্রভাব পড়তে পারে
নেতানিয়াহু ক্ষমতা হারালে তাঁর চলমান দুর্নীতি মামলার বিচারে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে আলোচনার মধ্য দিয়ে হেফেৎজ তাঁর বক্তব্য শেষ করেন। তিনি মনে করেন, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে আদালতে নেতানিয়াহুর উপস্থিতির সময়সূচির ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া গেছে। তবে বিরোধী দলে গেলে বিচারকেরা তাঁকে আরও কঠোরভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন।
হেফেৎজ প্রশ্ন করেন, আপনারা কি ভেবে দেখেছেন যে তাঁর জীবন কতটা বদলে যাবে? জেলা আদালতের বিচারকদের যে প্যানেলটি অমিত হাদাদকে বিচারকাজ পরিচালনার সুযোগ দিচ্ছে, তারাই তখন তাঁকে বলবে: আপনাকে প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে।
হেফেৎজ বলেন, বিচারকেরা নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবেন, আর তাঁকে দিনের পর দিন সেখানে বসে থাকতে হবে।