মক্কার কাছে হুতিদের ড্রোন হামলা বলে প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের মদিনার

কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

পবিত্র মক্কা নগরীর আকাশসীমার কাছে হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, এমন দাবি করে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।

ভিডিও ক্লিপটি পোস্ট করে কোথাও কোথাও দাবি করা হয়েছে, মক্কার দক্ষিণে হুতিদের ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি মক্কার গত মঙ্গলবারের ঘটনার নয়। বরং এক বছর আগের সৌদির আরেক পবিত্র শহর মদিনার একটি ঘটনার।

ওই সময় বিভিন্ন সংবাদমাধ্যমে ভিডিওটি নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। ভিডিওটি অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনলাইনে রয়েছে।

এক বছর আগের হওয়া সত্ত্বেও মক্কার ঘটনায় ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে শতাধিক পেজ ও প্রোফাইলে প্রচারিত হয়েছে। এর মধ্যে একটি পেজেই গতকাল রাত ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় লাখের বেশি বার দেখা হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক, ষষ্ঠ লিংক

এক বছর আগের ভিডিও

প্রচারিত ভিডিওটির গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে দেখা যায়, হুবহু একই ভিডিও ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক

কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

‘ইসলাম চ্যানেল’ নামের একটি ফেসবুক পেজেও ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর একই ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ভিডিওটির সঙ্গে সৌদি আরবের মদিনা শহর এবং মসজিদে নববির কাছাকাছি আকাশে একটি বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়।
লিংক: এখানে

প্রাসঙ্গিক কি–ওয়ার্ড দিয়ে আরও অনুসন্ধান করলে দেখা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরেই বিভিন্ন সংবাদমাধ্যম মদিনার ওই ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

গত বছর মদিনার আকাশে কী ঘটেছিল

প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মদিনায় একটি অননুমোদিত ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করা হয়েছিল।

ঘটনার সময় মদিনার স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। এরপর আকাশ থেকে আলোকিত একটি বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক

তবে ড্রোনটি কোন দেশ বা কোন স্থান থেকে ছোড়া হয়েছিল বা এর সঙ্গে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কি না, তা ওই সব প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

ওই ঘটনায় মসজিদে নববি বা এর আশপাশে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবরও পাওয়া যায়নি। সে সময় স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে অনুমাননির্ভর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।

কোলাজ: প্রথম আলো গ্রাফিকস

মক্কার ঘটনায় ব্যবহার করা হচ্ছে মদিনার সেই ভিডিও

যাচাইয়ে পাওয়া তথ্যগুলো পাশাপাশি রাখলে বিষয়টি স্পষ্ট হয়। এখন ভাইরাল ভিডিওটির অনলাইন অস্তিত্ব অন্তত ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে। তখন ভিডিওটি মদিনা শহরের ঘটনা হিসেবে প্রচারিত হয়েছিল এবং পরবর্তী সময়ে সংবাদমাধ্যমগুলোও মদিনার আকাশে ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

কিন্তু মদিনার সেই পুরোনো ভিডিও বর্তমানে মক্কাকে লক্ষ্য করে হুতিদের ছোড়া ড্রোন প্রতিহতের বলে প্রচার করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরব গত মঙ্গলবার সন্ধ্যায় মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের একটি ড্রোন ভূপাতিতের দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। অন্যদিকে হুতিরা সৌদির দাবি নাকচ করে দিয়েছে।