দুবাই নিরাপদ কি না, রাস্তায় রোলস রয়েস রেখে চালানো হলো পরীক্ষা
গ্লোবাল পাওয়ার সিটি ইনডেক্স (জিপিসিআই) অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ শহর। আসলেই দুবাই নিরাপদ শহর কি না, তা যাচাই করার উদ্যোগ নেন এক ভিডিওর আধেয় নির্মাতা (ভিডিও কনটেন্ট ক্রিয়েটর)। রাস্তার পাশে বিলাসবহুল গাড়ি চাবিসহ ফাঁকা অবস্থায় ফেলে রেখে এ পরীক্ষা চালিয়েছেন তিনি।
আয়মান আল ইয়ামান নামের ওই কনটেন্ট ক্রিয়েটর কীভাবে এ পরীক্ষা চালালেন এবং এর ফল কী হলো, তার একটি ভিডিও এরই মধ্যে ইন্টারনেট–দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
আয়মান সিদ্ধান্ত নেন তিনি দুবাইয়ের ব্যস্ত কোনো সড়কের এক পাশে তাঁর সাদা রঙের রোলস রয়েস কালিনান গাড়িটি রেখে দেবেন। ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি স্পিরিট অব একসট্যাসি মাসকটের পাশে গাড়ির চাবি রেখে দিচ্ছেন।
দিনের আলোয় তিনি তাঁর গাড়িটি ওইভাবে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে জিমে চলে যান। এরপর সন্ধ্যায় সেখানে ফিরে দেখতে পান, গাড়িটি একই অবস্থায় আছে। চাবি যেখানে রেখেছিলেন, ঠিক সেখানেই আছে। এরপর আয়মান সবাইকে দুবাই ভ্রমণের পরামর্শ দেন।
ভিডিওর ক্যাপশনে দর্শকদের উদ্দেশে লেখা হয়েছে—পরবর্তী সময়ে আমি কোন গাড়ি রাখব, তা মন্তব্যের ঘরে জানিয়ে দিন।
ভিডিওটি এরই মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কেড়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করার পর ৫ লাখ ৭২ হাজারের বেশিবার দেখা হয়েছে। মন্তব্যের ঘরে অনেক দর্শকই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা যদি ভারত হতো তাহলে গাড়িটি আপনি ওএলএক্সে (অনলাইন মার্কেটপ্লেস) পেতেন।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘পরে পরীক্ষা চালানোর সময় আপনি যে সময়টুকু উপস্থিত থাকবেন না, সে সময়টুকু ভিডিওতে ধারণ করে রাখার জন্য ক্যামেরাম্যানকে বলবেন। বিশ্বাস করুন, কেউ একজন ওই চাবি নিয়ে পুলিশকে ফোন দেবে। দুবাই এতটাই নিরাপদ। গাড়িটি কেউ বিন্দুমাত্র চুরি করবে না, তবে তারা পুলিশ কিংবা নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানাবে।’
অপর এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘দুবাই সর্বোৎকৃষ্ট শহর। যেদিন আমি দুবাইয়ের সুপারমার্কেটে ভুল করে ওয়ালেট রেখে চলে গিয়েছিলাম এবং এক ঘণ্টা পর সেখানে ফিরে ওয়ালেট, অর্থকড়ি, কার্ডগুলো একই অবস্থায় পেলাম, সেদিন থেকে আমিও দুবাইকে ভালোবাসি।’