ইরান যুদ্ধের মধ্যে ইরাকের তেল উপমন্ত্রী কেন যুক্তরাষ্ট্রের নিশানায়

ইরাকের তেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি মারিজ আল-বাহাদলিছবি: ইরাক ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম

ইরাকের তেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি মারিজ আল-বাহাদলি এবং ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনীর কয়েকজন নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ বিভাগ এর কারণ দেখিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরানকে তেল বিক্রিতে সহায়তা করছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠী দুর্বৃত্ত চক্রগুলোর মতো ইরাকি জনগণের বৈধ সম্পদ লুট করছে। ইরান তার সামরিক শক্তি ব্যবহার করে ইরাকের তেলকে সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য কাজে লাগাচ্ছে। এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আমরা তা নীরবে মেনে নেব না।’

গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের পর ইরাক কিংবা ইরান—কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। নিষেধাজ্ঞাটি এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়ে সংঘাতে লিপ্ত।

ইরাকের বর্তমান রাজনৈতিক নেতাদের অনেকে ২০০৩ সালের আগে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেনের পতনের আগে ইরানে থাকতেন। ওই সময় ইরানপন্থী শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোকে অর্থায়নের মাধ্যমে ইরাকে প্রভাব বিস্তার করার সুযোগ করে নিয়েছিল তেহরান। এসব গোষ্ঠীর অনেকেরই এখন রাজনৈতিক শাখা রয়েছে।

ইরানের প্রতিবেশী দেশ ইরাক সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের চাপে আছে। ওয়াশিংটনের অভিযোগ, তেহরানের বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ছে বাগদাদ। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ‘ইরানপন্থী’ নুরি আল-মালিকি ইরাকের প্রধানমন্ত্রী হলে যুক্তরাষ্ট্র দেশটিকে সমর্থন দেওয়া বন্ধ করতে পারে। পরে অবশ্য আল-মালিকি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

নিষেধাজ্ঞা কাদের ওপর

যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় নাম থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আল-বাহাদলি। তিনি বহু বছর ধরে ইরাকের তেল ব্যবস্থাপনার কাজ তদারক করেছেন। শুরুতে তিনি ইরাকের পার্লামেন্টের তেল ও গ্যাস কমিটির প্রধান ছিলেন। পরে তেলবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন। ২০২৪ সাল থেকে তিনি মন্ত্রণালয়ের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন।

অন্য যাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাঁরা হলেন মুস্তফা হাশিম লাজিম আল-বাহাদলি, আহমেদ খুদাইর মাকসুস ও মোহাম্মদ ইসা কাদিম আল-শুয়াইলি। এর মধ্যে আল-বাহাদলিকে ইরান-সমর্থিত আসাইব আহল আল-হক আন্দোলনের ‘নেতা ও অর্থনৈতিক কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞায়। খুদাইর মাকসুস ও আল-শুয়াইলি ইরানপন্থী সংগঠন কাতাইব সাইয়্যিদ আল-শুহাদার শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

ইরাকের জ্বালানি ক্ষেত্র। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, ইরাকের কয়েকজন কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করেছেন
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন অর্থ বিভাগের অভিযোগ, আল-বাহাদলি ‘তেল চোরাচালানের অর্থায়ন নিয়ন্ত্রণ’ করতেন এবং ইরান ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ইরান থেকে তেল পরিবহনের চুক্তি নিয়ে আলোচনাও করতেন তিনি। মাকসুস ও আল-শুয়াইলির বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে তাঁদের কেউই কোনো মন্তব্য করেননি।

নিষেধাজ্ঞা এড়াতে ইরান কি ইরাককে ব্যবহার করেছে

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের যুক্তি সেটাই। তাদের নিষেধাজ্ঞার ঘোষণায় বলা হয়েছে, আল-বাহাদলি ‘ইরাকের তেল অন্যদিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে সহজ করতে’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর এটা করার কারণে ইরান-সংশ্লিষ্ট এক তেল পাচারকারী এবং আসাইব আহল আল-হক গোষ্ঠীকে সুবিধা দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, ওই পাচারকারী ইরানের তেলকে ‘ইরাকি তেল’ লেবেল করে দিয়েছিলেন, যেন তেহরান নিষেধাজ্ঞা এড়াতে পারে।

যুক্তরাষ্ট্র আরও বলেছে, এই চোরাচালান ব্যবস্থাকে চালু রাখতে সাহায্য করেছে ইরাক সরকারের অভ্যন্তরীণ দুর্নীতি। আল-বাহাদলি ছিলেন এই পুরো কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে। ইরাকের তেলমন্ত্রী হায়ান আবদেল-গনি গত মার্চে বলেছিলেন, ইরানি তেলবাহী ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ভুয়া ইরাকি নথি ব্যবহার করেছিল।

নিষেধাজ্ঞাটি এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়ে সংঘাতে লিপ্ত। ইরানের প্রতিবেশী দেশ ইরাক সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের চাপে আছে। ওয়াশিংটনের অভিযোগ, তেহরানের বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ছে বাগদাদ।

২০২৪ সালের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া বক্তব্যে বিশেষজ্ঞরা বলেন, ইরান একটি তেল চোরাচালান চক্রের মাধ্যমে বছরে অন্তত ১০০ কোটি ডলার আয় করে বলে ধারণা করা হয়। এই চক্র ইরাকি অ্যাসফল্ট (মিশ্র খনিজ) কারখানা থেকে ইরানি জ্বালানি সরিয়ে নিয়ে তা ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে পরে ‘পুরোপুরি ইরাকি’ হিসেবে রপ্তানি করে।

রয়টার্স আরও বলেছে, ইরাকে রপ্তানি করার মধ্য দিয়ে ইরান বৈশ্বিক মুদ্রা অর্জন করে। আর এর মধ্য দিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞা এড়াতে পারে।

ইরানি তেলে যুক্তরাষ্ট্রের কী নিষেধাজ্ঞা

ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির অংশ হিসেবে দেখে। এর লক্ষ্য, ইরান সরকারকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনে বাধ্য করা।

ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদকালে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তখন তিনি তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞার কারণে ইরান বিশ্ববাজারে অবাধে তেল বিক্রির সুযোগ হারায়, যদিও যুক্তরাষ্ট্র কিছু দেশকে সীমিত পরিমাণে তেল কেনার অনুমতি দিয়েছিল।

প্রেসিডেন্ট পদে প্রথম মেয়াদে ২০১৮ সালের ডিসেম্বরে ইরাক সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ট্রাম্পের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই নিষেধাজ্ঞাগুলো বেশির ভাগ ক্ষেত্রেই বজায় রাখে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এগুলো আরও কঠোর করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের আগের সময় পর্যন্ত এগুলো কঠোর করা হয়।

তেল ইরানের গুরুত্বপূর্ণ সম্পদ। তেল উত্তোলনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ তারা। ইরানের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই আসে তেল থেকে। এ ছাড়া দেশটির বাজেটের প্রায় এক-চতুর্থাংশের জোগান আসে তেলের আয় থেকে।

ইরাক ও ইরানের সম্পর্ক কী

ইরাক ও ইরানকে এখন ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ বাগদাদে ইরানপন্থী ‘কো–অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জোটের ক্ষমতায় থাকা। এই জোট মূলত ইরাকের শিয়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। ইরানের নেতৃত্বের সঙ্গে তাদের ধর্মীয় ও রাজনৈতিক সম্পর্ক আছে।

ইরাকের বর্তমান রাজনৈতিক নেতাদের অনেকে ২০০৩ সালের আগে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেনের পতনের আগে ইরানে থাকতেন। ওই সময় ইরানপন্থী শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোকে অর্থায়নের মাধ্যমে ইরাকে প্রভাব বিস্তার করার সুযোগ করে নিয়েছিল তেহরান। এসব গোষ্ঠীর অনেকেরই এখন রাজনৈতিক শাখা রয়েছে।

এই ইরানপন্থী গোষ্ঠীগুলো ইরাকের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, বিশেষ করে তেল খাতে নিজেদের প্রভাব বিস্তার করেছে। ইরান এর মাধ্যমে ইরাকে এমন একটি ‘ছায়া অর্থনীতি’ তৈরি করতে পেরেছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে। তবে ইরাককে একটি জটিল ভারসাম্য বজায় রাখতে হয়। ভৌগোলিক অবস্থান ও ধর্মীয় সম্পর্কের কারণে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও ইরাকি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। কারণ, ওয়াশিংটন দেশটিকে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। ট্রাম্প ইতিমধ্যে সেই প্রভাবকে কাজে লাগিয়ে নিশ্চিত করেছেন যে আল-মালিকি যেন আবার ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে না আসেন। তিনি নতুন মনোনীত ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জায়েদিকেও সমর্থন দিয়েছেন।