প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নেওয়ার তথ্য গোপন রেখেছিলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। শুক্রবার ৭৬ বছর বয়সী এই নেতা নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট (ক্ষতিকর) টিউমার ধরা পড়ে। এর আগে ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল।
নেতানিয়াহু বলেন, জেরুজালেমের হাদাসাহ মেডিক্যাল সেন্টারে তাঁর সফল চিকিৎসা হয়েছে। তিনি জানান, চিকিৎসায় রোগটি পুরোপুরি সেরে গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরান সংকটের কারণে তিনি নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করতে বলেছিলেন। যুদ্ধের উত্তেজনার মধ্যে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সৃষ্টি করতে চাননি তিনি।
বর্তমানে যুদ্ধবিরতি চলছে। নেতানিয়াহু জানান, তিনি এখন সুস্থ এবং ‘চমৎকার অবস্থায়’ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘দেড় বছর আগে আমার প্রোস্টেটে একটি অস্ত্রোপচার হয়েছিল। এর পর থেকেই আমি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলাম।’
নেতানিয়াহু বলেন, সর্বশেষ পরীক্ষায় তাঁর প্রোস্টেটে এক সেন্টিমিটারের ছোট একটি দাগ ধরা পড়ে। পরীক্ষায় দেখা যায়, এটি ছিল ক্যানসার টিউমারের প্রাথমিক পর্যায়। চিকিৎসকেরা তাঁকে বলেছিলেন, হয় এটি অপসারণ করতে হবে অথবা এভাবেই থাকতে হবে। নেতানিয়াহু বলেন, ‘আপনারা তো আমাকে চেনেনই। বিপদ টের পেলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। জাতীয় বা ব্যক্তিগত, সব ক্ষেত্রেই আমি এটা করি।’
চলতি বছরের ২০ এপ্রিলের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তাঁর প্রথম অস্ত্রোপচার হয়েছিল। সেটি সফল ছিল এবং কোনো জটিলতা ছিল না। তবে পরে ফলোআপে একটি সন্দেহজনক ক্ষত দেখা দেয়। পরীক্ষায় ক্যানসার শনাক্ত হলেও সেটি শরীরের কোথাও ছড়ায়নি।
রেডিয়েশন থেরাপি বিভাগের পরিচালক অধ্যাপক হারুন পপোভজার জানান, টিউমারটি ছিল শূন্য দশমিক ৯ সেন্টিমিটারের। ক্যানসারটি ছিল একেবারেই প্রাথমিক স্তরে। আড়াই মাস আগে নেতানিয়াহু একটি বিশেষ চিকিৎসা নেন। রিপোর্ট বলছে, চিকিৎসা পুরোপুরি সফল হয়েছে এবং ক্যানসারের ক্ষতটি এখন আর নেই।