এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসায় কেন এতটা উচ্ছ্বসিত নেতানিয়াহুর ইসরায়েল

কম্পিউটেক্স ফোরামের আগে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। তাইওয়ানের তাইপেতে, ২ জুন ২০২৪ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারির জেরে পদত্যাগের পর চলতি সপ্তাহে আবার মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে ফিরেছেন জেনসেন হুয়াং। তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু তিনিই নন, হাজারো কিলোমিটার দূরে ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

হুয়াং একসময় ইসরায়েলকে এনভিডিয়ার ‘দ্বিতীয় বাড়ি’ বলেছিলেন। তাঁর সেই অনুভূতির প্রতিফলন নেতানিয়াহুর বক্তব্যেও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু লিখেছেন, ‘ইসরায়েলের প্রযুক্তি খাতের সঙ্গে এনভিডিয়ার অংশীদারত্ব প্রতিষ্ঠানটি এবং ইসরায়েলের উদ্ভাবননির্ভর অর্থনীতি, উভয়ের জন্যই ব্যাপক গুরুত্বতপূর্ণ।’

গত সোমবার এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট পদে হুয়াংয়ের পুনর্বহালের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু আরও লিখেছেন, ‘এনভিডিয়ার নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকা এই অংশীদারত্ব এবং বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের জন্য সুখবর।’

হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এর মধ্যে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয়, এমন এক ব্যক্তির সঙ্গেও তাঁর সম্পর্কের অভিযোগ রয়েছে।

পাশাপাশি হুয়াংয়ের পদত্যাগের কারণে এআই শিল্পে সম্ভাব্য প্রভাব এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়েও নানা আলোচনা হয়েছে।

হুয়াং এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা। ফলে প্রতিষ্ঠানটিতে তাঁর ফিরে আসা বাজারের উদ্বেগ অনেকটা দূর করেছে। সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম এক লাফে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হুয়াংয়ের প্রত্যাবর্তনে ইসরায়েলেও স্বস্তি ফিরেছে। যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি প্রভাবিত দেশ সম্ভবত ইসরায়েল। কারণ, মার্কিন প্রতিষ্ঠানটির যেসব কাজ বিদেশ থেকে পরিচালিত হয়, সেটার বড় অংশ হয় ইসরায়েল থেকে।

কেন ইসরায়েলের কাছে এনভিডিয়া এতটা গুরুত্বপূর্ণ? প্রতিষ্ঠানটির কাছে ইসরায়েলের গুরুত্বই-বা কতটা?

ইসরায়েলের উত্তরাঞ্চলের ইয়োকনিয়ামের হাইটেক পার্কে এনভিডিয়ার একটি স্থাপনা
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের জন্য এনভিডিয়া কতটা গুরুত্বপূর্ণ

ক্যালিফোর্নিয়াভিত্তিক এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লাখ কোটি ডলার।

আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনভিডিয়ার। বিশ্বজুড়ে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর বাজারের প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠানটির দখলে। জিপিইউ হলো বিশেষায়িত প্রসেসর, যা এআই ডেটা সেন্টারে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় ইসরায়েলে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে ছয় হাজারে পৌঁছেছে। ইয়োকনিয়াম, তেল আবিব, জেরুজালেম, রা’আনানা ও বীরশেবাসহ ইসরায়েলের বিভিন্ন শহরে এনভিডিয়ার সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র রয়েছে।

ব্যাংক অব ইসরায়েলের হিসাবে, শুধু এনভিডিয়ার কার্যক্রমের কারণে ২০২৬ সালে ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট যোগ হবে।

এ ছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভনে একটি বড় গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কাজ করার সুযোগ থাকবে।

ব্যাংক অব ইসরায়েলের হিসাবে, শুধু এনভিডিয়ার কার্যক্রমের কারণে ২০২৬ সালে ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট যোগ হবে।

এর ফলে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশে। এনভিডিয়ার অবদান না থাকলে এই প্রবৃদ্ধি হতো ৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ কম।

আগামী বছরও ইসরায়েলের জিডিপি প্রবৃদ্ধিতে এনভিডিয়া আরও ২ দশমিক ৪ শতাংশ পয়েন্ট অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এনভিডিয়ার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটি ইসরায়েলকে প্রায় ১২৯ কোটি ডলার কর দিয়েছে।

কয়েকটি পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইসরায়েল সরকারের মোট কর রাজস্বের প্রায় ৩ শতাংশ আসতে পারে এনভিডিয়ার কাছ থেকে।

ইসরায়েলের প্রযুক্তি খাতের সঙ্গে এনভিডিয়ার অংশীদারত্ব প্রতিষ্ঠানটি এবং ইসরায়েলের উদ্ভাবননির্ভর অর্থনীতি—উভয়ের জন্যই ব্যাপক গুরুত্বতপূর্ণ।
বেনিয়ামিন নেতানিয়াহু, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, ইসরায়েল
আরও পড়ুন

হুয়াংয়ের পদত্যাগে কী প্রতিক্রিয়া হয়েছিল

১২ নভেম্বর হুয়াং পদত্যাগের পর প্রথমে তেল আবিব স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ঘোষণার পর শেয়ারবাজারের প্রধান সূচকগুলো কমতে থাকে।

তবে দিনের শেষ দিকে বাজার ঘুরে দাঁড়ায়। তেল আবিব স্টক এক্সচেঞ্জ দিন শেষে টিএ-৩৫ সূচক শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে। বৃহত্তর টিএ-১২৫ সূচক বাড়ে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ।

অন্যদিকে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের গতিবিধি অনুসরণকারী ব্লুটেক গ্লোবাল সূচক শূন্য দশমিক ১৫ শতাংশ কমে যায়।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎস জানিয়েছে, এনভিডিয়ায় অস্থিরতা এবং বিশেষ করে হুয়াংয়ের পদত্যাগের কারণে ইসরায়েলের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন।

সোমবার হুয়াংয়ের প্রত্যাবর্তনে তাঁকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

এনভিডিয়া ও ইসরায়েলের সম্পর্ক জোরদার করার অঙ্গীকার এবং ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থনের জন্য হুয়াংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন হারজগ।

হারজগের দপ্তর জানায়, প্রেসিডেন্টের বার্তায় হুয়াং অভিভূত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাঁকে যে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে, সেটির সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চান তিনি।

এনভিডিয়ার কাছে ইসরায়েল কতটা গুরুত্বপূর্ণ

গাজায় ইসরায়েলের জাতিগত নিধনমূলক (জেনোসাইড) যুদ্ধ, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংঘবদ্ধ হামলা এবং লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদারত্বের মধ্যেও এনভিডিয়া দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ভূমিকা রাখছে।

অন্যদিকে ইসরায়েলও এনভিডিয়ার জন্য বিপুল আয় নিশ্চিত করছে। ইসরায়েলের সঙ্গে প্রতিষ্ঠানটির গভীর প্রযুক্তিগত সম্পর্কের ভিত্তি তৈরি হয় ২০২০ সালের এপ্রিলে।

সে সময় প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণ করে এনভিডিয়া। মেলানক্স কম্পিউটার নেটওয়ার্কিংয়ের বিভিন্ন পণ্য সরবরাহ করে। এই অধিগ্রহণ এনভিডিয়ার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এনভিডিয়া আগে থেকে এআইয়ের জটিল কাজ প্রক্রিয়াকরণের জন্য শক্তিশালী প্রসেসর তৈরি করতে পারত। কিন্তু একটি জিপিইউ একা বিপুল পরিমাণ কাজ সামলাতে পারে না। এ জন্য একাধিক জিপিইউর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের প্রয়োজন হয়।

ইসরায়েলের ইয়োকনিয়ামে মেলানক্স টেকনোলজিসের ক্লিনরুমে কাজ করছেন এক কর্মী। ছয় বছর আগে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে এনভিডিয়া
ফাইল ছবি: রয়টার্স

মেলানক্স এমন নেটওয়ার্ক অবকাঠামো তৈরি করত, যার মাধ্যমে এসব প্রসেসর দ্রুতগতিতে একসঙ্গে কাজ করতে পারে। এ ধরনের অবকাঠামোই একটি ডেটা সেন্টারের মৌলিক ভিত্তি।

মেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। এটি ওই প্রান্তিকে এনভিডিয়ার মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ চিপ তৈরিতে ইসরায়েলের ভূমিকার কথা তুলে ধরেছিলেন হুয়াং।

হুয়াং বলেছিলেন, ‘এনভিডিয়ার ব্লুফিল্ড-৪ ডিপিইউ এবং তিনটি নেটওয়ার্কিং উপাদান, কানেক্টএক্স-৯ সুপারএনআইসি, এনভিলিংক ৬ সুইচ ও স্পেকট্রাম-৬ ইথারনেট সুইচ, সবই ইসরায়েল থেকে এসেছে। অর্থাৎ ছয়টি চিপের মধ্যে চারটিই এসেছে ইসরায়েল থেকে।’

ইসরায়েলের কর্মীদের প্রশংসা করে হুয়াং বলেন, ‘বিষয়টি সত্যিই অসাধারণ। হয়তো পরেরবার ছয়টির ছয়টিই ইসরায়েল থেকে আসবে।’

আরও পড়ুন

গাজায় এনভিডিয়ার ভূমিকা কী

আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি নামের একটি সংস্থার পর্যালোচনায় উঠে এসেছে, ইসরায়েলের সামরিক বাহিনী এনভিডিয়ার একাধিক পণ্য ব্যবহার করে।

সংস্থাটি ১৯৪৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টের শিকার ইহুদিদের উদ্ধার ও ত্রাণসহায়তার কাজে ভূমিকা রাখার জন্য তারা এই স্বীকৃতি পেয়েছিল।

গত বছর প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের জাতিগত নিধন চলাকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এনভিডিয়ার বিভিন্ন পণ্য কেনার তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘এসব পণ্যের মধ্যে জেটসন কার্ড ও ডিজিএক্সের মতো এআই প্রযুক্তির কাজে ব্যবহারের জন্য তৈরি পণ্যও রয়েছে।’

সংস্থাটি আরও জানায়, সরকারের প্রকাশ্য তথ্যভান্ডারে শুধু গোপনীয়তামুক্ত চুক্তিগুলোর তথ্য থাকে। ফলে এসব তথ্যের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী এনভিডিয়ার কত পণ্য ও সেবা ব্যবহার করছে, তার পূর্ণ চিত্র পাওয়া যায় না। প্রকৃত ব্যবহারের পরিমাণ আরও বেশি হতে পারে।

কয়েকটি পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইসরায়েল সরকারের মোট কর রাজস্বের প্রায় ৩ শতাংশ আসতে পারে এনভিডিয়ার কাছ থেকে।

আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েল ব্যাপকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ‘দ্য গসপেল’, ‘ল্যাভেন্ডার’ ও ‘হোয়্যারস ড্যাডি?’ নামে পরিচিত এআই ব্যবস্থা। এসব প্রযুক্তির মাধ্যমে নজিরবিহীন মাত্রায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং তাঁদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ কারণে গাজায় সংঘটিত এসব যুদ্ধাপরাধে এনভিডিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতার প্রশ্ন উঠতে পারে।

এ ছাড়া ইসরায়েলের এলবিট সিস্টেমসের তৈরি ল্যানিয়াস ড্রোনে এনভিডিয়ার জেটসন টিএক্স২ এআই প্রসেসর যুক্ত রয়েছে বলে খবর পাওয়া গেছে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যায় ইসরায়েল এসব ড্রোন ব্যবহার করেছে বলে উল্লেখ করা হয়েছে আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির প্রতিবেদনে।

আরও পড়ুন