ইরানের সঙ্গে চুক্তির জন্য আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধ অবসানে প্রস্তাবিত চুক্তির বেশ কয়েকটি শর্ত পরিবর্তনের চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম গতকাল শনিবার এ খবর জানিয়েছে। অবশ্য প্রস্তাবিত চুক্তি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।
শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েকটি শর্ত কঠোর করার মধ্য দিয়ে ট্রাম্প প্রস্তাবিত চুক্তিতে কিছু পরিবর্তন এনেছেন। সংশ্লিষ্ট প্রক্রিয়ার সম্পর্কে অবগত আছেন এমন কর্মকর্তারা বলেন, নতুন কাঠামোটি বিবেচনার জন্য আবার ইরানের কাছে পাঠানো হয়েছে।
তবে কী কী পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আরও কঠোর করতে চেয়েছেন, যেগুলো তিনি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এর মধ্যে ইরানের পারমাণবিক উপকরণ কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সেটিও অন্তর্ভুক্ত।
নতুন এ সব পরিবর্তন দুপক্ষের মধ্যে আলোচনাকে আরও দীর্ঘায়িত করতে পারে। ফলে চুক্তিটি শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাবে কি না—সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর থেকেই এই যুদ্ধ শুরু হয়।
মার্কিন সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, প্রস্তাবটি ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। তবে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকের পরও তিনি কোনো সিদ্ধান্ত নেননি।
ট্রাম্প বলেছেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে তাঁর প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত করা এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়।