মক্কা নগরীর দিকে হুতিদের ড্রোন, সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি
পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা একটি ড্রোন ছুঁড়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। তবে আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ রিয়াদ গতকাল বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুতিদের এ ধরনের অপচেষ্টা ‘চূড়ান্ত সীমার’ লঙ্ঘন হিসেবে দেখা হবে। তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে দ্বিধা করা হবে না। এ ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ ও জোট নিন্দা জানিয়েছে।
মক্কা নগরীকে লক্ষ্য করে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ড্রোন ছোড়া হয়েছিল। তবে সৌদি আরবের এ দাবিকে ‘মিথ্যা’ অভিহিত করে হুতিরা বলেছে, এ ধরনের কথায় কেউ আর আগের মতো বিভ্রান্ত হয় না। অবশ্য ইরান–সমর্থিত গোষ্ঠীটি সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি আরামকোর একটি স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। গত কয়েক দিন ধরে তারা সৌদির সামরিকঘাঁটিসহ অন্যান্য স্থাপনায় হামলার দাবি করে আসছে।
বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা ওমানে হুতি প্রতিনিধিদের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন। এমন সময়ে এ বৈঠকের খবর প্রকাশ্যে এল, যখন হুতিরা ঝটিকা হামলায় লোহিত সাগরের মাইয়ুন (পেরিম) দ্বীপ ও উপকূলবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা শহর দখলে নিয়েছে। এতে করে বাব আল–মানদেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে। ফলে সৌদি আরবের তেল ও গ্যাস রপ্তানি আরও কমে এসেছে। বর্তমানে ইয়েমেনের তাইজ ও মারিব প্রদেশের কয়েকটি শহরে সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের তীব্র সংঘর্ষ চলছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লরেঞ্জো কামেল আল-জাজিরাকে বলেন, হুতিদের শুধু ইরানের ছায়া–শক্তি (প্রক্সি) হিসেবে দেখলে তাদের ভূমিকা ঠিকভাবে বোঝা যাবে না। আঞ্চলিক অস্থিরতাকে কাজে লাগিয়ে তারা নিজেদের স্বার্থ ও অভ্যন্তরীণ কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সৌদি আরবের হস্তক্ষেপ বন্ধে চাপ দিচ্ছে।
সৌদির কঠোর হুঁশিয়ারি
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল–মালকি গতকাল এক বিবৃতিতে বলেন, গত মঙ্গলবার হুতিরা মক্কা নগরী লক্ষ্য করে একটি ড্রোন ছোড়ে। তবে তা সংরক্ষিত এলাকায় প্রবেশের আগে মক্কার দক্ষিণে ভূপাতিত করা হয়েছে। এর আগে ২০১৭ সালের জুলাই মাসেও হুতিরা মক্কা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেণপাস্ত্র ছুঁড়েছিল। হুতি মিলিশিয়াদের বিরুদ্ধে যথাযথ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জোট কোনো দ্বিধা করবে না।
হুতিদের হামলার আশঙ্কায় মঙ্গলবার মক্কার পাশাপাশি তাইফ ও জেদ্দাতেও নিরাপত্তা সতর্কতা জারি করেছিল সৌদি সরকার। তবে অল্প পরে তা তুলেও নেওয়া হয়।
হুতিদের হামলাচেষ্টাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকান্ড’ উল্লেখ করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দুই পবিত্র মসজিদ (মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববি), তীর্থযাত্রী ও পুরো সৌদি ভূখণ্ড, দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার বৈধ অধিকার’ তাদের রয়েছে।
হুতিদের পলিটব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মক্কাকে লক্ষ্যবস্তু করার যে দাবি করা হচ্ছে, তা মিথ্যার পুনরাবৃত্তি। এর আগেও এ ধরনের মিথ্যা দাবি করা হয়েছে। এতে এখন আর কেউ বিভ্রান্ত হয় না।’
নাম প্রকাশ না করার শর্তে মক্কার একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমার মনে হয় সতর্কসংকেত আতঙ্ক তৈরি করেছে... তবে মক্কায় জীবনযাত্রা স্বাভাবিক আছে। এর আগেও মক্কায় এ ধরনের ঘটনা ঘটেছে।’
বাংলাদেশসহ বিভিন্ন দেশের নিন্দা
পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ মক্কা আল-মুকাররমার পবিত্রতা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি বাংলাদশ সংহতি জানাচ্ছে।
৫৭টি মুসলিম দেশের জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), আরব লিগ, জর্ডান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারতও নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে আরব লিগের মহাসচিব নাবিল ফাহমি বলেন, মক্কার নিরাপত্তা ও ইসলামের পবিত্র স্থানগুলোর পবিত্রতা ক্ষুণ্ন করার অপচেষ্টা অত্যন্ত গর্হিত বিষয়।
সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি
ইয়েমেনের মারিব এলাকায় সৌদি আরবের একটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল বলেন, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।
মারিবের উত্তর-পশ্চিমে হেলান পর্বতের কাছে বিমানটি ভূপাতিত করা হয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল–জাজিরা। তবে যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হুতিদের দাবি, গত কয়েক দিনে ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে অন্তত ৪৫০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কর্মকর্তারাও স্বীকার করেছেন, তাদের বাহিনী ও সৌদি আরব হুতিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে সৌদি আরব এ পর্যন্ত হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার কথা স্বীকার করেনি।
হুতিদের সঙ্গে মার্কিন কর্মর্তাদের বৈঠক
সংশ্লিষ্ট পাঁচটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গত রোববার ওমানের রাজধানী মাসকাটে হুতিদের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গোপনে বৈঠক করেছেন। ওমান সরকার বৈঠকটি আয়োজনে সহায়তা করেছে বলে জানিয়েছে দুটি সূত্র।
সূত্রমতে, বৈঠকে হুতিরা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা না করার এবং ২০২৫ সালের যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। একটি সূত্রের ভাষ্য, হুতিরা ইসরায়েলি জাহাজ বা সৌদি আরবের মালিকানাধীন জাহাজ ছাড়া অন্য কোনো বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে না।
ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় ২০১৪ সালে। ওই বছর হুতিরা রাজধানী সানা দখল করে এবং দেশটির বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায়। ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট ইয়েমেন সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। তবে ২০২২ সালে যুদ্ধবিরতির পর পক্ষগুলোর মধ্যে সংঘাত উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে সংঘাত নতুন করে তীব্রতর হওয়ায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।
ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের মার্চে হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। এরপর তাদের ওপর দুই মাস বিমান হামলা চালায়। একই সঙ্গে আলোচনা অব্যাহত রাখে। পরে গত বছরের মে মাসে হুতিদের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র। চুক্তিতে একে অপরের ওপর হামলা না চালাতে সম্মত হয়েছিল দুই পক্ষ।
ইয়েমেনে সংঘাত তীব্রতর হচ্ছে
বর্তমানে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত চলছে। আল–জাজিরা জানিয়েছে, গতকাল ইয়েমেনের মারিব প্রদেশের পূর্ব আল-বালাক এলাকাসহ কয়েকটি ফ্রন্টে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনীর দাবি, তারা হুতিদের হামলা ঠেকিয়ে দিচ্ছে। তায়েজ প্রদেশের দক্ষিণাঞ্চলেও হুতিদের বড় ধরনের হামলা প্রতিহত করেছে।
সরকারি বাহিনীর ভাষ্যমতে, বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি কাহবুব পর্বতমালার দিকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে হুতিরা। সংঘাত ছড়িয়ে পড়ায় তায়েজ ও লাহজ প্রদেশের মানুষ যে যেদিকে পারে পালিয়ে যাচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যমতে, ইয়েমেনে সম্প্রতি নতুন করে সংঘাত শুরুর পর থেকে দেশটির ভেতরে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে দুই হাজারের বেশি মানুষ বাব আল-মানদেব প্রণালি পাড়ি দিয়ে লোহিত সাগরের পশ্চিম তীরের দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছে।