ক্ষমতায় থাকতে নেতানিয়াহুর নতুন ফন্দি: নতুন সরকারে আইজেনকট অর্ধেক সময়, বাকি সময় তিনি প্রধানমন্ত্রী থাকতে চান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতা গাদি আইজেনকটের সঙ্গে নতুন সরকারে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের একটি চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছেন। এ নিয়ে তিনি প্রস্তুতিও নিচ্ছেন। প্রস্তাব অনুযায়ী, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আইজেনকট। পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু।
গতকাল শুক্রবার রাতে ‘চ্যানেল ১৩’–এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ ও আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনার মধ্যেই এমন খবর এল।
চ্যানেল ১৩–কে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে মতভেদ রয়েছে।
অন্যদিকে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে আইজেনকটের কাছে ইতিমধ্যে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়েছে।
যোগাযোগটি অনানুষ্ঠানিক হওয়ায় লিকুদ চাইলে প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করতে পারবে। এ ধরনের সমঝোতার শর্ত নিয়েও দলটির মধ্যে মতপার্থক্য রয়েছে।
আস্থা নেই আইজেনকটের
চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আইজেনকট এখনো গভীর সন্দিহান। তিনি আগামী সপ্তাহে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। কারণ, সরকার গঠনের জন্য প্রেসিডেন্টের দেওয়া তাঁর প্রাথমিক সময়সীমা ৬ ডিসেম্বর শেষ হবে।
তবে আইজেনকট চাইলে প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিন সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
গতকাল ইসরায়েল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাব দিতে পারেন। তবে সেটি লিকুদকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা বানচাল করার কৌশল হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিবারম্যান লিখেছেন, ‘পরিবর্তনের সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।’
লিবারম্যান আরও লিখেছেন, ‘নেতানিয়াহু এমন প্রস্তাব দিতে পারেন, যেখানে প্রথমে গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হবেন, পরে নেতানিয়াহু। আমি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তবে সবাইকে বুঝতে হবে, এটি নিছক একটি কৌশল।’
লিবারম্যানের অভিযোগ, নেতানিয়াহু আসলে নতুন নির্বাচন চান। সে জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যের সরকার নিয়ে আলোচনা টেনে নিতে পারেন। এরপর কোনো অজুহাত দেখিয়ে আলোচনা থেকে সরে যেতে পারেন।
চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে আইজেনকট এখনো গভীর সন্দিহান। তিনি আগামী সপ্তাহে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
লিবারম্যানের মতে, লিকুদকে নিয়ে ঐক্যের সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে নেতানিয়াহু সংকট তৈরি করার চেষ্টা করবেন। এর মাধ্যমে দেশটিকে আবার নির্বাচনের দিকে নিয়ে যেতে চাইবেন তিনি।
লিবারম্যান মনে করেন, রাজনৈতিক অঙ্গনের সব পক্ষেরই বিষয়টি বোঝা উচিত।
বিরোধী জোটে মতপার্থক্য
চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকট ইতিমধ্যে জোট চুক্তি করা দুই শরিক লিবারম্যান ও ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলানকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁদের অনুমোদন ছাড়া তিনি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করবেন না।
তবে আইজেনকটের জোটের আরেক নেতা নাফতালি বেনেটের অবস্থান কিছুটা ভিন্ন। চ্যানেল ১৩-কে আইজেনকটের জোটের জ্যেষ্ঠ কয়েকজন নেতা জানিয়েছেন, বিয়াচাদ পার্টির চেয়ারম্যান বেনেট লিকুদের সঙ্গে ঐক্যের সরকার গঠনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।
নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সব সম্ভাবনা শেষ হওয়ার আগে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠন করা হলে বেনেট তাঁর বিপক্ষে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। আইজেনকটের সম্ভাব্য জোটের মধ্যে বিয়াচাদই একমাত্র দল, যারা এখনো ইয়াশার পার্টির সঙ্গে জোট চুক্তিতে পৌঁছায়নি।
গতকাল বেনেট বলেছেন, লিকুদের সঙ্গে জোট আলোচনা ব্যর্থ হলে তিনি অন্য কিছু ‘কম পছন্দের’ বিকল্প বিবেচনা করতে প্রস্তুত। এর আগে অতি রক্ষণশীল ইহুদি দল কিংবা আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করেছিলেন বেনেট।
সংখ্যাগরিষ্ঠতার জন্য কঠিন সমীকরণ
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন।
বেনেটের বিয়াচাদসহ আইজেনকটের চারদলীয় জোটের আসন রয়েছে মাত্র ৪৮টি। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও ১৩টি আসনের সমর্থন প্রয়োজন।
নেতানিয়াহু এমন প্রস্তাব দিতে পারেন, যেখানে প্রথমে গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হবেন, পরে নেতানিয়াহু। আমি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তবে সবাইকে বুঝতে হবে, এটি নিছক একটি কৌশল।
এই ঘাটতি পূরণে আইজেনকটের সামনে কয়েকটি বিকল্প রয়েছে। তিনি আরব নেতৃত্বাধীন দুটি দল, অতি রক্ষণশীল ইহুদি দুটি দল অথবা এই চার দলের মধ্য থেকে কয়েকটির সমর্থন নিতে পারেন।
বর্তমানে আইজেনকটের পছন্দের বিকল্প বলে মনে হচ্ছে, অতি রক্ষণশীল ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং অপেক্ষাকৃত মধ্যপন্থী আরব দল রাআমকে নিয়ে জোট গঠন।
তবে এ ধরনের সরকার গঠন করা হলে আইজেনকটের জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ হবে। কারণ, তাঁরা এসব দলের সঙ্গে সরকার গঠন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন নির্বাচন এড়াতে তাঁদের আপস করতে হতে পারে। অন্যদিকে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে।
গোলানের যুক্তি, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য এটিই একমাত্র বাস্তবসম্মত বিকল্প।
তবে লিবারম্যান এ ধরনের ব্যবস্থার বিরোধিতা করছেন। তাঁর পছন্দ অতি রক্ষণশীল ইহুদি দলগুলোকে নিয়ে জোট গঠন।
লিকুদের বিরুদ্ধে অভিযোগ
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে আইজেনকট লিখেছেন, লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে তিনি আপস করতে প্রস্তুত। কিন্তু তাঁর অভিযোগ, লিকুদ এ বিষয়ে আন্তরিকভাবে আলোচনা করতে রাজি নয়।
আইজেনকট বলেন, গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদের আলোচক দল মাত্র পাঁচবার বৈঠক করেছে। আরও ঘন ঘন বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে লিকুদ।
নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সব সম্ভাবনা শেষ হওয়ার আগে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠন করা হলে বেনেট তার বিপক্ষে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন।
আইজেনকট বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাবে লিকুদ সম্মত হয়নি।
সরকার থেকে যাঁদের আইজেনকট উগ্রপন্থী হিসেবে বর্ণনা করেছেন, তাঁদের সরিয়ে দেওয়ার বিষয়েও লিকুদ রাজি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি সবার জন্য বাধ্যতামূলক সামরিক বা জাতীয় সেবার আইন পাস করবে, এমন সরকার গঠনের বিষয়েও আলোচনা করতে চায়নি নেতানিয়াহুর দল।
আইজেনকট বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠনের ক্ষেত্রে লিকুদ ‘সবচেয়ে খারাপ’ বিকল্পটি সামনে এনেছে। তাঁর ভাষায়, ‘একই সরকার, একই শরিক, কোনো পরিবর্তন নেই, বাধ্যতামূলক সামরিক সেবার আইনও নেই।...এ ধরনের প্রহসনে আমি সহযোগিতা করতে চাই না।’
গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদের আলোচক দল মাত্র পাঁচবার বৈঠক করেছে। আরও ঘন ঘন বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে লিকুদ।
আইজেনকট আরও বলেন, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের শর্ত এবং বিচারব্যবস্থায় কিছু পরিবর্তনের বিষয়ে তাঁর জোট আপস করতে প্রস্তুত ছিল। কিন্তু দুই সপ্তাহের আলোচনায় লিকুদ ‘কোনো সুনির্দিষ্ট প্রস্তাব’ দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
অবশ্য আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেননি আইজেনকট। তিনি বলেন, লিকুদ যদি আপসের ভিত্তিতে আন্তরিক আলোচনা ও অংশীদারত্বের জন্য প্রস্তুত থাকে, তাহলে আলোচনার সুযোগ এখনো রয়েছে।
বেনেটের সঙ্গে বৈঠক আগামীকাল
গতকাল আইজেনকট আরও জানিয়েছেন, বিয়াচাদ পার্টির সঙ্গে ‘শিগগিরই’ জোট চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। এরই মধ্যে ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি এবং লিবারম্যানের ইসরায়েল বেইতেনুর সঙ্গে জোট চুক্তি করেছে ইয়াশার।
আগামীকাল রোববার আইজেনকট ও বেনেটের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার তাঁদের বৈঠক হওয়ার কথা থাকলেও বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে মতপার্থক্যের কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় বলে খবর প্রকাশিত হয়েছে।