সৌদি আরবের নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবিরে গত জুলাইয়ে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হন
ফাইল ছবি: রয়টার্স

লেবানন থেকে সৌদি নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সশস্ত্র সংঘাত চলছে, এমন এলাকাগুলো তাঁদের এড়িয়ে চলতে বলা হয়েছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লেবাননে সৌদি দূতাবাস এক বিবৃতিতে এ নির্দেশনা জানায়।

এর আগে ১ আগস্ট যুক্তরাজ্যও নিজেদের নাগরিকদের জন্য লেবাননে ভ্রমণসংক্রান্ত নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনায় লেবাননের দক্ষিণে ফিলিস্তিনিদের আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবিরের কাছে জরুরি কারণ ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়।

গত জুলাইয়ে আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবিরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ মুভমেন্ট ও প্রতিদ্বন্দ্বী ইসলামি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

লেবাননে ফিলিস্তিনি শরণার্থীর জন্য ১২টি শিবির রয়েছে। এর মধ্যে আইন আল-হিলওয়েহ সবচেয়ে বড়। সেখানে প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি বসবাস করেন। লেবাননে প্রায় ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন।