ফিলিস্তিন বিষয়ে সৌদি নেতৃত্ব দিলে প্রভাব হবে শক্তিশালী: আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় উদ্ভূত পরিস্থিতিকে ‘পাগলামি’ বলে নিন্দা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, পশ্চিমা নেতৃত্বের ভণ্ডামি সম্পর্কে বিশ্ব অন্ধ নয়, কারণ পশ্চিমা নেতৃত্ব বারবার ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেছেন, সৌদি আরব যখন ফিলিস্তিন বিষয়ে নেতৃত্ব গ্রহণ করে, তখন তার প্রভাব শক্তিশালী হয়।

গত শুক্রবার রিয়াদে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে আরব নিউজের সঙ্গে কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে বিরোধ ও ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিয়েছে। একদিকে মানবাধিকার সম্পর্কে কথা বলা হয় কিন্তু অন্যদের বেলায় সেই অধিকার অস্বীকার করা হচ্ছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এত দ্বন্দ্ব ও ভণ্ডামি রয়েছে যে ইতিহাস ও ভূরাজনীতির একজন ভালো ছাত্রও তা জেনে অবাক হবেন না। উদাহরণ হিসেবে ইউক্রেনে রুশ ছিটমহল নেওয়ার ক্ষেত্রে রাশিয়ান সিদ্ধান্তের কারণে তারা আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা করে। রাশিয়ার নিন্দা জানানো হয়। কিন্তু ফিলিস্তিনের বৈধ জমি ইসরায়েল আগ্রাসন চালিয়ে দখল করলে তাদের ক্ষমা করা হয়। এর প্রতি সমর্থনও জানানো হয়। আনোয়ার বলেন, ‘আমাদের এখন জেগে উঠতে হবে এবং এ ভণ্ডামি চলতে দেওয়া যাবে না।’

সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘গাজা আজ যে ক্রমবর্ধমান সহিংসতার সাক্ষী হচ্ছে, তাতে আমরা দুঃখিত। এর মূল্য দিতে হচ্ছে নিরীহ নাগরিকদের।’ যুবরাজ ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানান।