দুই ফিলিস্তিনি কিশোর-তরুণকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর পশ্চিম তীরে সহিংসতায় প্রায় ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন
ফাইল ছবি: রয়টার্স

দুই ফিলিস্তিনি কিশোর-তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর রয়টার্সের

গতকাল শনিবার দখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষকালে এ হত্যার ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হত্যাকাণ্ডের শিকার দুজনের মধ্যে একজনের বয়স ১৬ বছর, অপরজনের ১৮ বছর। সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়েছেন।

এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

অন্যদিকে পূর্ব জেরুজালেমের একটি তল্লাশিচৌকিতে হামলায় আহত এক ইসরায়েলি সেনা মারা গেছেন। আজ রোববার ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

আরও পড়ুন

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, রাতে পূর্ব জেরুজালেমের একটি তল্লাশিচৌকিতে হামলা হয়। এক ফিলিস্তিনি বন্দুকধারী এ হামলা চালান।

আজ সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গুলিতে গুরুতর আহত এক সেনা মারা গেছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আগে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র বলেছিলেন, একজন হামলাকারীকে ধরতে অভিযান চলছে। হামলাকারী একটি তল্লাশিচৌকিতে দুই ইসরায়েলি সেনাকে গুলি করে গুরুতর আহত করেন।

আরও পড়ুন

একই ঘটনায় আরেক ব্যক্তি আহত হয়েছেন বলে ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা সংস্থা জানিয়েছে। তবে তাঁর জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। চলতি বছর সেখানে প্রায় ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।