এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
আলোচিত–সমালোচিত জেফরি এপস্টিন–সংশ্লিষ্ট নথি প্রকাশের পর থেকেই চাপে ছিলেন দুবাইভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ শুক্রবার ডিপি ওয়ার্ল্ড থেকেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।
দুবাই ও মধ্যপ্রাচ্যে একজন খ্যাতনামা ব্যবসায়ী ব্যক্তিত্ব আহমেদ বিন সুলায়েম। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য ও পর্যটন খাতের উন্নতির পেছনের কারিগরদের একজন তিনি। তাঁর অনেকগুলো ব্যবসায়িক উদ্যোগের একটি নাখিল নামের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান। দুবাইয়ের খ্যাতনামা খেজুরগাছ আকৃতির দ্বীপটি তৈরি করেছে এই প্রতিষ্ঠান।
আহমেদ বিন সুলায়েমের নাম আগেও জেফরি এপস্টিনের সঙ্গে জড়িয়েছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নতুন প্রকাশিত নথিতে আবার তাঁর নাম আসায় নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। নথিতে দেখা গেছে, ব্যবসা নিয়ে এপস্টিন ও সুলায়েমের সঙ্গে বার্তা আদান–প্রদান হয়েছিল। ক্যারিবীয় সাগরে এপস্টিনের দ্বীপে সফর ও যৌনকর্ম নিয়েও আলাপ করেছিলেন সুলায়েম।
এসব তথ্য প্রকাশ পাওয়ার পর যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও কানাডার লা ক্যাসি নামের দুটি প্রতিষ্ঠান ঘোষণা দেয়, এপস্টিনের সঙ্গে সুলায়েমের সংশ্লিষ্টতা থাকায় তাঁরা ডিপি ওয়ার্ল্ডে নতুন সব বিনিয়োগ স্থগিত করবে। তবে সুলায়েম পদত্যাগ করার পর দুটি প্রতিষ্ঠানই এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছে তারা।
সুলায়েমের পদত্যাগের পর ইসা কাজিমকে পরিচালক পর্ষদের চেয়ারম্যান করেছে ডিপি ওয়ার্ল্ড। আর নতুন প্রধান নির্বাহী হয়েছেন যুবরাজ নারায়ণ। এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজিম। আর ২০০৪ সাল থেকে ডিপি ওয়ার্ল্ডে কাজ করে আসছেন যুবরাজ। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উপপ্রধান নির্বাহী ছিলেন।