গতকাল জন্ম, আজ ইসরায়েলি বোমায় মৃত্যু
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার শিশু উদয় আবি মোহসেন। গতকাল শনিবার জন্ম তার। আজ ইসরায়েলি বাহিনীর বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি।
কাফনে মোড়ানো উদয় আবি মোহসেনের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটোসাংবাদিক বেলাল খালেদ। গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রামাণ্য নথি সংরক্ষণ করার কাজ করছেন তিনি।
কাফনে আরবিতে লেখা ছিল: ‘উদয় আবি মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র এক দিন। এখনো তার নামে কোনো জন্মসনদ দেওয়া হয়নি। অবশ্য এর আগেই তার নামে মৃত্যুসনদ দেওয়া হলো।’
কাফনে মোড়ানো মোহসেনের লাশের ছবি অনলাইন মাধ্যমগুলোতে পোস্ট করে অনেকে নিন্দা জানাচ্ছেন। ইসরায়েলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখনো সে ছিল মায়ের কোলে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিন সপ্তাহের বেশি সময় ধরে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই শিশু–কিশোর।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বিকেলে জানায়, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৮ হাজার ৫ জন নিহত হয়েছেন। আগের দিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭ হাজার ৭০৩।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ৩ হাজার ৩৪২ শিশু ও নারী ২ হাজার ৬২। জাতিসংঘ বলছে, গাজায় নিহত ব্যক্তিদের ৬০ শতাংশই নারী ও শিশু।