নেতানিয়াহুকে হটানোর পথ তৈরিতে আমরা প্রস্তুত, তাদেরকে ঘরে পাঠান: জয়েন্ট লিস্ট–প্রধান

বুথফেরত জরিপের ফল আসার পর ইসরায়েলের নাজারেথে নির্বাচনী প্রধান কার্যালয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিনছবি: রয়টার্স

ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। ইসরায়েলের নির্বাচনের আংশিক ফলে আরবদের নেতৃত্বাধীন দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসনে জয় পাওয়ার আভাস আসার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩–কে জাবারিন বলেছেন, ‘যারা সত্যিকার অর্থে নেতানিয়াহুর রক্তপাতের সরকারের বিকল্প কিছু দিতে চান, ইসরায়েলের জনগণ যে পরিবর্তন আকাঙ্ক্ষা করছে, তার পথ তৈরি করতে হলে তাঁদের আমাদের সঙ্গে কথা বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘হয় বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যবাদ চলতে থাকবে, নয়তো ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে উঠবে।’

ইয়েনেটকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে জাবারিন বলেছেন, ‘আমরা যে মূল্যবোধে বিশ্বাস করি, তা এগিয়ে নিতে আমাদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগাব।’ তিনি আরও বলেন, নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতাচ্যুত করে তাঁদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে তাঁর দল প্রস্তুত।

ইসরায়েলে ৭৬ দশমিক ৮ শতাংশ ব্যালট বাক্সের গণনা শেষে কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত আংশিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে চলেছে। আর নেতানিয়াহুবিরোধী ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৭টি আসন পেতে চলেছে। আরবদের নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা হবে ঐতিহাসিকভাবে সর্বোচ্চ। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১৩টি এবং রা’আম ছয়টি আসন পেতে পারে।

এই ফলাফল ইসরায়েলে পরবর্তী সরকার গঠনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী জায়নবাদী জোট—যার মধ্যে নাফতালি বেনেটের দল বি’ইয়াহাদ, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস রয়েছে—আরব দলগুলোর অভ্যন্তরীণ বা বাইরের সমর্থন ছাড়া তারা নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।

নতুন সরকার গঠনে নেতানিয়াহুবিরোধী জোটের সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট নিয়ে এখনো স্পষ্ট ঘোষণা না এলেও চ্যানেল ১২ খবর দিয়েছে যে গাদি আইজেনকট নিজেদের আসনের সঙ্গে আরবদের আসন মিলিয়ে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরাতে চাইছেন। আমির ওহানা নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য।

আরও পড়ুন