হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে বুধবারের মধ্যে চুক্তি হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টফাইল ছবি: রয়টার্স

জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবার চালু করতে আগামীকাল বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ মধ্য দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে শুরু হওয়া অস্থিরতা কমবে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের এ কথাগুলো বলেন মার্কিন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলাপ করছি। আর আমি মনে করি যে আজ অথবা আগামীকালের মধ্যে হরমুজ চালু করতে একটি চুক্তিতে পৌঁছাতে পারি। এ মাধ্যমে এই সংঘাতও একটি স্থিতিশীল অবস্থার দিকে এগোবে।’

ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এই প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নিতে চাইছে তেহরান। সাক্ষাৎকারে বেসেন্টকে প্রশ্ন করা হয়েছিল—এই চুক্তির মাধ্যমে তেহরানকে টোল নেওয়ার সুযোগ দেওয়া হবে কি না? জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা স্বাধীনভাবেই জাহাজ চলাচল করতে পারবে।’

আরও পড়ুন

বেসেন্টের এমন মন্তব্যের আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দাবি করেছিলেন কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে যেতে পারে। এর আগে ইরানে নতুন করে ব্যাপক পরিসরে হামলা চালানোর পরিকল্পনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন তিনি। যদিও হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলার কথা তখন নাকচ করেছিল তেহরান।

আরও পড়ুন

ইরানের পক্ষ থেকে পরে আলোচনার বিষয়ে নতুন করে কোনো তথ্য না জানানো হলেও বেসেন্টের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও–ও একই ধরনের কথা বলেছেন। তাঁর ভাষ্যমতে, হরমুজ নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্ত রয়েছে ওয়াশিংটন। এই আলোচনায় আগ্রগতি এসেছে। খুব শিগগির ভালো কিছুর আশা করছেন তিনি।

আরও পড়ুন