যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করতে রাজি হয়েছে লেবানন ও ইসরায়েল। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন–ইসরায়েল দুই দিনব্যাপী আলোচনা শেষ হয়। আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনায় বসতে একমত হয়েছে দুই দেশ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরুর পর ২ এপ্রিল ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে যায় লেবানন–ইসরায়েল। যদিও দক্ষিণ লেবাননে এখনো ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে।
আজ রোববার দুই দেশের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। এর আগে নতুন যুদ্ধবিরতির ঘোষণার সময় টমি পিগট বলেন, ‘আমরা আশা করি এই আলোচনা দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি আনবে। দেশ দুটি একে অপরের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পূর্ণ স্বীকৃতি দেবে।’
আর লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, তারা এই যুদ্ধবিরতির গতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তর করতে চায়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারও এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘আলোচনা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আমাদের নাগরিক এবং সৈন্যদের নিরাপত্তা।’