পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নিয়ে নেতানিয়াহুর নতুন নির্দেশ

ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বাড়ি। ১৪ আগস্ট ২০২৬ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গড়া অনুমোদনহীন ছোট বসতি (আউটপোস্ট) ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে, এমন দুই ব্যক্তি গতকাল রোববার এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নেতানিয়াহু এমন নির্দেশ দিলেন।

সূত্রগুলো বলেছে, ইসরায়েল সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন না নিয়েই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে যে ছোট বসতিগুলো স্থাপন করেছেন, এই নির্দেশ সেগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য।

সাধারণত এসব বসতিতে আগে থেকে তৈরি করা ছোট ঘর বা আবাসিক ইউনিট থাকে। সেখানে অল্পসংখ্যক বসতি স্থাপনকারী বসবাস করেন।

ইসরায়েল সরকার বিভিন্ন সময়ে এ ধরনের স্থাপনা ভেঙে দিয়েছে। আবার কিছু স্থাপনাকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে, ফলে সেগুলো সরকারি অর্থায়ন পাওয়ার সুযোগ পেয়েছে।

ছোট বসতিগুলো ভাঙার কাজ কবে শুরু হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ইসরায়েলের একটি সংবাদমাধ্যম আগে জানিয়েছিল, নেতানিয়াহুর নির্দেশটি অধিকৃত ভূখণ্ডের প্রায় ১০০টি ছোট বসতির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

অন্যদিকে, পশ্চিম তীরের জালুদ গ্রামের তিন ফিলিস্তিনি পরিবারকে নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে দিতে ইসরায়েলের প্রতিরক্ষা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সুপ্রিম কোর্ট।

ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এই তিন পরিবারকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর গতকাল ইসরায়েলের সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দিলেন।

আরও পড়ুন

জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশের সরকার মনে করে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সব ইসরায়েলি বসতিই অবৈধ। তাদের মতে, পশ্চিম তীর ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে থাকা একটি অধিকৃত ভূখণ্ড। তবে ইসরায়েলের দাবি, পশ্চিম তীর অধিকৃত নয়, এটি একটি বিরোধপূর্ণ ভূখণ্ড।