ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

ইরান ইস্যুতে ওয়াশিংটন ‘খুব ভালো আলোচনা’ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শেষে গতকাল শুক্রবার ট্রাম্প এ কথা বলেন।

ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ার কথা জানিয়ে বলেছে, দেশটির সঙ্গে ভবিষ্যতে আরও আলোচনা হবে বলে তারা আশা করছে।

উপসাগরীয় দেশ ওমানে এক দিনের এ আলোচনায় ‘ইতিবাচক পরিবেশের’ প্রশংসা করেছে তেহরান।

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে কয়েক দিন আগে বিমানবাহী রণতরির নেতৃত্বে একটি মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছেন ট্রাম্প। নৌবহরটি এখনো ইরানের জলসীমার কাছাকাছি রয়েছে।

এদিকে উত্তেজনা হ্রাসে ওমানের মধ্যস্থতায় মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনা করেছে। তবে তারা মুখোমুখি আলোচনা করেনি।

যদিও আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে দেশটির তেল পরিবহন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে এ পদক্ষেপ আলোচনার সঙ্গে যুক্ত কি না, তা স্পষ্ট নয়।

গত বছর জুনে ইসরায়েল–ইরান ১২ দিনের যুদ্ধের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলার পর এটাই দুই বৈরী দেশের মধ্যে প্রথম আলোচনা।

ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানের ভেতর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।  তিনি বলেন, ‘ইরান ইস্যুতেও আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই আমরা আবার বৈঠকে বসব।’
যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘ওরা (ইরান) যদি কোনো চুক্তি না করে, তাহলে পরিণতি হবে খুবই কঠোর।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সপ্তাহজুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কার পর গতকাল ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আলোচনার জন্য ওমানের রাজধানী মাসকটে যান। অন্যদিকে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সাংবাদিকদের বলেন, ‘আমি বলতে পারি, যদি আমরা এমন ইতিবাচক পথে এগিয়ে যেতে পারি, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক এক কাঠামোয় পৌঁছাতে পারবে।’

মাসকটে পরোক্ষভাবে ‘একাধিক বৈঠক’ হয়েছে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে হাত মেলাচ্ছেন স্টিভ উইটকফ। ৬ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এএফপি

ইউক্রেন–রাশিয়া যুদ্ধ

ইউক্রেন–রাশিয়া যুদ্ধের বিষয়েও ‘খুব ভালো আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। গতকাল তিনি বলেন, আলোচনার ফলাফল হিসেবে কিছু একটা ঘটতে পারে।

তবে ঠিক কী ঘটতে পারে, তা নিয়ে ট্রাম্প কিছু বলেননি। তিনি শুধু বলেন, ‘রাশিয়া–ইউক্রেন ইস্যুতে আজ (গতকাল শুক্রবার) খুব ভালো আলোচনা হয়েছে। কিছু একটা ঘটতে পারে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ সম্পূর্ণ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন