ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত

ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিবৃতির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পিএফএ বলেছে, দখলদার বাহিনীর ছোড়া গুলিতে আল-আশকার নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক শ ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁদেরই একজন গোলরক্ষক সালিম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের এ আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

মাত্র পাঁচ মাস আগে আল-আশকার বিয়ে করেছিলেন। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আল-আশকারের মৃত্যুতে তাঁর আত্মীয়স্বজন, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ইসরায়েলি সেনাবাহিনী তাঁকে হত্যা করেছে। এ ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলায় তারা গভীরভাবে ব্যথিতও। তারা ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানায়।