সংঘাতে চার ইসরায়েলি সেনা নিহত, লেবাননকে পুড়িয়ে দেওয়ার হুমকি উগ্রপন্থী বেন–গভির ও স্মোট্রিচের

ইসরায়েল–লেবানন সীমান্তের কাছে লেবাননের একটি সড়কে ইসরায়েলি সামরিক যান চলাচল করছে। ১৮ জুন ২০২৬ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাতে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুমকি দিয়ে তিনি বলেছেন, লেবাননকে পুড়তে হবে। একই ঘটনায় ইসরায়েলের আরেক উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও লেবাননের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে লেবাননে রাতভর ইসরায়েলি হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান যুদ্ধে তাদের চার সেনা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় সেনাবাহিনী নিহত ব্যক্তিদের একজনের পরিচয় প্রকাশ করেছে। তিনি হলেন দর গেদালিয়া বেন সিমহোন (৩২)। তিনি ৫২তম ব্যাটালিয়ন ও ৪১তম ব্রিগেডের কমান্ডার ছিলেন।

এরপর এক্সে দেওয়া পোস্টে উগ্র ইহুদিবাদী নেতা বেন–গভির লিখেছেন, ‘মার্কিন নাগরিকদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ইসরায়েলের উচিত পুরো বিশ্বকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া, আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনোভাবেই বিসর্জন দেওয়া যাবে না। পুরো লেবাননকে পুড়তে হবে।’

বর্বর নানা মন্তব্যের জন্য সমালোচিত বেন–গভির আরও বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত বৈঠকেও বলেছি, একজন ইসরায়েলি মায়ের প্রতিটি অশ্রুর জন্য এক হাজার লেবাননি মায়ের কাঁদতে হবে।’

এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের আরেক উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, সেনাবাহিনী চার সেনা নিহত হওয়ার খবর দেওয়ার পর এটি ছিল ‘একটি কঠিন সকাল’।

বেন–গভিরের মতোই আন্তর্জাতিকভাবে সমালোচিত এই ইসরায়েলি মন্ত্রী আরও বলেন, ‘এখন আগুনের ভাষায় কথা বলার সময়। নরকের দরজা খুলে দেওয়ার সময়।’

বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ‘প্রচণ্ড লড়াই’ চলাকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

আজ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা রাতভর লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়ার আশঙ্কার মধ্যেও ইসরায়েলের এই নৃশংস হামলা চলছে।

ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বলেছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আরও অন্তত ৩৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন