গাজায় নিহত ৩৫ হাজার ছাড়াল
রাফার পূর্ব ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজায়ও আবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। গতকাল রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এদিকে গাজার সর্ব দক্ষিণের রাফার পূর্ব ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজায়ও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, ইসরায়েলের হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ৩৪ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন।
নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজার শিশু ও ৯ হাজারের বেশি নারী রয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ১০ হাজারের মতো মরদেহ এখনো ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে পড়ে আছে।
শুধু হাসপাতালে আসা হতাহতের ভিত্তিতে এ পরিসংখ্যান দিচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু ইসরায়েলের অব্যাহত হামলা এবং যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক মরদেহ হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না।
রাফা এবং দেইর আল-বালাহই নয়, গাজার সর্বত্র হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শুধু আল-আকসা হাসপাতালেই গতকাল ৪৫ মরদেহ আনা হয়। সাম্প্রতিক সময়ে নিহতের এই সংখ্যা হামলার ভয়াবহতারই ইঙ্গিত দিচ্ছে।
উত্তর গাজায় আবার স্থল অভিযান
রাফার পূর্ব ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তর গাজায়ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় দ্বিতীয়বার আর গাজা নগরীর জেইতুন এলাকায় তৃতীয়বারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।
গাজার আরও এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। পূর্ব রাফার পর এবার মধ্যাঞ্চল থেকেও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর গাজার জাবালিয়া ও বেইত লাহিয়ার বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যানবাহন না থাকায় হেঁটেই এলাকা ছাড়ছেন অনেক বাসিন্দা।
■ গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় দ্বিতীয়বার আর গাজা নগরীর জেইতুন এলাকায় তৃতীয়বারের মতো স্থল অভিযান।
■ বন্দীদের মুক্ত করতে আরও পদক্ষেপ নেওয়ার দাবিতে ইসরায়েলের তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
গতকাল জাবালিয়া শরণার্থীশিবিরের ভেতরে প্রবেশ করতে শুরু করে ইসরায়েলি ট্যাংক। সালাহউদ্দিন সড়ক পার হয়ে ট্যাংকগুলো শরণার্থীশিবিরে ঢোকে। সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকাটির আশ্রয়কেন্দ্র এবং আবাসিক ভবনগুলো ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানকার পরিস্থিতি ভয়াবহ। লোকজন দলে দলে গাজা নগরীর পশ্চিম দিকে সরে যাচ্ছেন।
গাজার জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি বাহিনীর সরাসরি ও ইচ্ছাকৃত হামলার কারণে জেইতুন এলাকায় হামলায় বিধ্বস্ত একটি বাড়িতে আটকে পড়া একই পরিবারের ১৬ জনকে উদ্ধার করা যাচ্ছে না।
‘মহাবিপর্যয়ের ঝুঁকি’
এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, জনাকীর্ণ রাফা শহরে সরাসরি হামলার ক্ষেত্রে মহাবিপর্যয়ের ঝুঁকি আছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং মানবিক ত্রাণসহায়তা সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রাফায় অভিযানকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও মন্তব্য করেন ইসরায়েলকে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশটির সরকারপ্রধান।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, রাফায় অভিযানের বিরোধিতা করে যুক্তরাজ্য। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর ‘বড় ধরনের’ অভিযান চালানো উচিত হবে না।
তবে যুক্তরাজ্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে না জানিয়ে ক্যামেরন বলেন, এতে হামাস শক্তিশালী হবে এবং জিম্মি মুক্তিতে সমঝোতার সম্ভাবনা কমে আসবে। গাজায় ব্রিটিশ সেনা পাঠানোর মতো ঝুঁকি নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা বন্দীদের মুক্ত করতে আরও পদক্ষেপ নেওয়ার দাবিতে ইসরায়েলের তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
বন্দী স্বজনদের ছবি নিয়ে শনিবারের এ বিক্ষোভে অংশ নেন পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের মুক্ত করতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন তাঁদের কয়েকজন। এ ছাড়া বিক্ষোভকারীদের কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে স্লোগান দেন।
সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা শহরের মূল সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে পুলিশ জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে শনিবার এক বন্দীর ভিডিও প্রকাশ করেছে হামাস। গত ৭ অক্টোবর থেকে তাদের হাতে আটক থাকা ওই ইসরায়েলি-ব্রিটিশ দ্বৈত নাগরিক বিমান হামলায় আহত হন। পরে তিনি মারা যান বলে সংগঠনটি জানায়।
এর আগে দিনের শুরুতে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে। জীবিত অবস্থায় ওই ভিডিওতে নিজেকে নাদাভ পপলওয়েল হিসেবে পরিচয় দেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।