ট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জানাজায় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ছবি: রয়টার্স

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গতকাল রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসাকর্মীদের সূত্রে এমন তথ্য জানা গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তার নবগঠিত ‘শান্তি পর্ষদ’–এর সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল রোববার গাজায় হওয়া হামলার ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধবিরতি গত ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল।

হাসপাতাল সূত্র আল–জাজিরাকে বলেছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হন।

সূত্রগুলো আরও বলে, দক্ষিণের খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

আলাদা করে গাজার সূত্রগুলো আল–জাজিরাকে বলেছে, রোববার গাজা নগরের পূর্ব দিকে তাল আল-হাওয়া এলাকায় এক হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কমান্ডার সামি আল-দাহদুহ নিহত হয়েছেন।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এগুলো হচ্ছে মাঠে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করার স্পষ্ট চেষ্টা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব প্রচেষ্টা ও সংস্থাকে অকার্যকর প্রমাণ করার বার্তা। তাঁর ভাষায়, সব পক্ষ যখন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বলছে, তখনো দখলদার শক্তি তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৬০১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ১ হাজার ৬০৭ জনকে আহত করেছে। গাজার সরকারি গণমাধ্যম শাখাও বলেছে ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অন্তত ১ হাজার ৬২০টি ঘটনা ঘটিয়েছে ইসরায়েল।

এদিকে হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। তাদের দাবি, এতে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

শান্তি পর্ষদের বৈঠক

সাম্প্রতিক হামলাগুলোর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তাঁর নবগঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছেন।

ট্রাম্প আরও বলেন, গাজাবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ও স্থানীয় পুলিশ বাহিনীতে হাজারো কর্মী’ মোতায়েনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে শান্তি পর্ষদে যোগ দিতে ১০০ কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে পাঁচটি দেশ এমন প্রতিশ্রুতি দিয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

শান্তি পর্ষদের ২০ সদস্যের মধ্যে কতজন প্রথম বৈঠকে অংশ নেবেন তা ট্রাম্প সুস্পষ্ট করে বলেননি।