ইসরায়েলের তেল আবিবে সন্ত্রাসী হামলা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের তেল আবিব শহরে শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে
ছবি: রয়টার্স

ইসরায়েলের তেল আবিব শহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের প্রাণ গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

দেশটির পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের সমুদ্র তীরবর্তী জনপ্রিয় একটি পার্কের পাশে একটি প্রাইভেটকার কয়েকজনকে চাপা দেয়। পরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। 

এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও প্রাথমিকভাবে এই হামলার ধরন যাচাই করা সম্ভব হয়নি। হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায়ও স্বীকার করেনি। 

এমন এক সময় এই ঘটনা ঘটল যখন রোজার মধ্যেও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন দুই নারী।

ইসরায়েলের অভিযোগ, ইসরায়েলি স্থাপনা বরাবর একের পর এক রকেট হামলার জবাবে তাদের এই পদক্ষেপ। রকেট হামলার জন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করেছে ইসরায়েল। 

আরও পড়ুন

এর আগে গত বুধবার দ্বিতীয় রাতের মতো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে ইসরায়েলি পুলিশ। অভিযানকালে তারা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে শব্দবোমা ও রাবার বুলেট ছোড়ে। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের আবার সংঘর্ষ হয়। 

আরও পড়ুন

ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি আগ্রাসনের মুখে তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন না।

আরও পড়ুন