হিজবুল্লাহর শতাধিক অবকাঠামোয় ইসরায়েলের হামলায় নিহত ৩১, হুমকির মুখে যুদ্ধবিরতি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। ২৬ মে, ২০২৬ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার ইসরায়েলের বড় ধরনের বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকটি শিশুও আছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে নিহত মানুষের এ সংখ্যা উল্লেখ করেছে বিবিসি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর এ হামলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গতকাল হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো ও সদস্যদের অবস্থানে হামলা চালিয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার রাতগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত সোমবার নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘আইডিএফ (ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী) স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা দখলে নিচ্ছে।’ পাশাপাশি উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী জনপদগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে ‘নিরাপত্তা অঞ্চল আরও শক্তিশালী করছে’ বলেও উল্লেখ করেন তিনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল লেবাননে ১২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, এটি ছিল কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। লেবাননের ৯০০ বছরের পুরোনো ঐতিহাসিক দুর্গ বিউফোর্ট ক্যাসেল এবং লেবাননের বৃহত্তম কারাউন বাঁধের কাছাকাছি এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এই হামলার কারণে গত ১৬ এপ্রিল ঘোষণা করা সাময়িক যুদ্ধবিরতি এখন হুমকির মুখে পড়েছে। ইরানও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের দেশের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে আরেকটি আলাদা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্র বলেছে, ইসরায়েলি সেনারা কথিত ‘ইয়েলো লাইন’ পেরিয়ে দক্ষিণ লেবাননের আরও ভেতরের দিকে অভিযান বিস্তৃত করেছে।

হিজবুল্লাহ বলেছে, গতকাল তারা লেবাননের দক্ষিণাঞ্চলের শহর জাওতার আল-শারকিয়ার দিকে এগিয়ে আসা ইসরায়েলি বাহিনী ও ট্যাংকের ওপর ড্রোন, রকেট ও কামান দিয়ে হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ২০০ জনের বেশি নিহত ও ৯ হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত ১৬ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।