ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের ‘পছন্দের’ তালিকায় তিন নাম
ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি সংক্ষিপ্ত তালিকা আছে। তাঁর ‘খুব ভালো পছন্দের’এই তালিকায় আছে তিনটি নাম।
গতকাল রোববার ট্রাম্প এ কথা বলেন। ইরানের বর্তমান ধর্মীয় শাসকনেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে আগের দিন শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
হামলায় ইরানে ৩৬ বছর ধরে নেতৃত্ব দেওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল দাবি করেন, ইরানে হামলায় দেশটি শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের গতকাল প্রকাশিত খবর অনুযায়ী, হামলায় খামেনি ছাড়াও তাঁর মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন।
ইরানের নিহত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর।
গতকাল ট্রাম্প এ-ও বলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছে। তিনি এতে রাজি হয়েছেন।
দ্য নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব কে দিতে পারেন, সে ব্যাপারে তাঁর কাছে তিনটা খুব ভালো পছন্দের নাম আছে।
তবে ট্রাম্প নাম তিনটি প্রকাশ করেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখনই নামগুলো প্রকাশ করব না। আগে কাজটা শেষ হোক।’
ইরানে এই হামলা দেশটির সরকার পরিবর্তনের উদ্দেশে৵ বলে আগেই উল্লেখ করেন ট্রাম্প। সুনির্দিষ্ট হামলা চালিয়ে খামেনিসহ ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যার বিষয়টি সে ইঙ্গিতই দিচ্ছে।
তবে তা অতটাও সহজ হবে না বলে মনে করেন বিশ্লেষকেরা।