লেবাননে ইসরায়েলের হামলায় এক দিনে নিহত ৫১

২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলের অভিযান শুরুর পর লেবাননে ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেনছবি: এএফপি

ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল রোববার বলা হয়, ইসরায়েলি শত্রুরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। ইসরায়েল লেবাননের বেন্ত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে দুটি চিকিৎসাকেন্দ্রে দুই দফায় সরাসরি হামলা চালিয়েছে।

অথচ গত ১৬ এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলেছে।

গত ২ মার্চ ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে। তার পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ২ হাজার ৮৪৬ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

জাতিসংঘ বলেছে, নতুন করে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ১৩০টির বেশি ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত ও ২৩০ জন আহত হয়েছেন।