দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই সাংবাদিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলরয়টার্স ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। আজ শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ কথা জানিয়েছে।

জেজ্জিন সড়কে সংবাদমাধ্যমের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আল-মানার টিভির সাংবাদিক আলী শুয়াইব ও আল-মায়াদিন টিভির সাংবাদিক ফাতিমা ফাতুনি নিহত হন। হামলায় তাঁদের সঙ্গে থাকা আরও দুই বেসামরিক নাগরিকও নিহত হন।

সংবাদ সংস্থাটি আরও জানায়, দিনের শুরুতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ প্যারামেডিক নিহত হয়েছেন। তাঁরা হলেন আদেল আতেফ, হোসেন আলী দারবিশ, হাসান মুসা নূর আল-দিন, আলী হাসান জাহ্হা ও ইব্রাহিম জাহের আবু জেদ।

এ ঘটনায় শোক জানিয়ে এক বিবৃতিতে ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন বলেছে, আজ জাওতার আল-গারবিয়াহ শহরে ইসরায়েলি আগ্রাসনের সময় নিজেদের মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা শহীদ হয়েছেন।

ইরানে হামলার পাশাপাশি লেবাননেও নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।