ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির কারাদণ্ড

শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিফাইল ছবি: রয়টার্স

ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল রোববার তাঁর আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য জানিয়েছেন। এএফপিকে তিনি বলেন, অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া এবং এতে যোগসাজশের দায়ে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ওপর দুই বছরের দেশত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এ ছাড়া অপপ্রচারের দায়ে নার্গিস মোহাম্মাদিকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোস্তফা নিলি।

ইরানের আইন অনুযায়ী, সব সাজা একই সঙ্গে কার্যকর হয়। ফলে নার্গিসকে মোট ছয় বছরের কারাদণ্ডই ভোগ করতে হবে। ইরানে মৃত্যুদণ্ডের সাজা এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে ২৫ বছর ধরে তাঁকে বারবার বিচারের আওতায় আনা হয়েছে এবং কারাদণ্ড দেওয়া হয়েছে। বিগত দশকের বেশির ভাগ সময় তিনি কারাগারে ছিলেন। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে ২০২৩ সালে নার্গিসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।