সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত

সৌদি আরবে তেল কোম্পানি আরামকোর রাস তানুরা তেল শোধনাগার ও টার্মিনালের দৃশ্য। ২১ মে ২০১৮ছবি: রয়টার্স

সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্রের বরাতে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ এই খবর জানিয়েছে।

এসপিএ জানায়, হেলিকপ্টারটি ছিল সৌদি আরামকো তেল কোম্পানির। আজ রোববার রাস তানুরা অঞ্চলে এটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটিতে থাকা ১৪ আরোহীর সবাই প্রাণ হারান।

সংবাদ সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছে।

উপসাগরীয় এলাকার রাস তানুরা টার্মিনাল থেকে প্রায় চার মাস ধরে অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ ছিল। গত শুক্রবার আরামকো সেখানে আবার এ কাজ শুরু করে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধের জন্য একটি অন্তর্বর্তী চুক্তি হয়েছে। এ চুক্তি সামনে রেখেই মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাসের উৎপাদন এবং রপ্তানি বাড়িয়েছে। এর ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবও দ্রুত তেলের চালান পাঠানোর প্রতিযোগিতায় নেমেছে।