রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অবকাঠামো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাজধানী রিয়াদেফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানোর দাবি করেছে হুতিরা। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুতিদের বাহিনী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেলের পাম্পিং স্টেশনগুলোয় বেশ কয়েকটি ড্রোন হামলার কথাও জানান হুতিদের মুখপাত্র।

রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হুতিদের মুখপাত্র বিবৃতি দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি জানালেন।

ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ইয়েমেনের রাজধানী সানায় দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।

এর আগে গতকাল রোববার হুতিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি ও জিজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল।

আরও পড়ুন

হুতিদের অভিযোগ, ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে হোদেইদাহ, লাহজ, আমরান, সাহদা, আল-জওফ, তাইজ এবং ইব প্রদেশের বিভিন্ন এলাকা রয়েছে।

বেশ কিছুদিন ধরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবে একের পর এক হামলা চালিয়ে আসছে। হুতিরা গত শনিবার দাবি করেছে, এদিন সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে সাতটি হামলা চালিয়েছে তারা।

সৌদি আরবের অভিযোগ, হুতিরা পবিত্র শহর মক্কা ও মদিনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

আরও পড়ুন