ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের পতাকা উড়ছেফাইল ছবি: রয়টার্স

জ্বালানি তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১ মে জোট থেকে আমিরাতের বেরিয়ে যাওয়া কার্যকর হচ্ছে।

আমিরাত এমন সময় এই পদক্ষেপ নিল, যখন ইরান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানিসংকট তৈরি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ফলে ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে হিমশিম খাচ্ছে।

আরব আমিরাতের অভিযোগ, যুদ্ধের সময় ইরানের হামলা থেকে তাদের রক্ষা করাতে অন্য আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখেনি। জাতীয় স্বার্থে তারা জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

আমিরাতের ঘোষণার পর ওপেকের সদস্যসংখ্যা দাঁড়াবে ১১। এগুলো হলো সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুইটোরিয়াল গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র।

ওপেকের সব সদস্যই ওপেক প্লাসের সদস্য। এই জোটে আরও আছে রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনেই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান ও সুদান।